প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৪ ১৮:২৫ পিএম
ভারতের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য ঘোষিত স্কোয়াডে রাখা হয়নি পেসার শরিফুল ইসলামকে। সর্বশেষ পাকিস্তান সিরিজ থেকে পরিবর্তন এসেছে শুধু এখানেই। শরিফুলের পরিবর্তে দলে ঢুকেছেন জাকের আলী অনিক।
পাকিস্তান সিরিজে প্রথম ম্যাচে খেললেও দ্বিতীয় ম্যাচে চোটের কারণে খেলানো হয়নি শরিফুলকে। দেশে ফিরে ভারত সিরিজের প্রস্তুতি ক্যাম্পে অবশ্য ছিলেন শরিফুল। তবে টেস্ট ক্রিকেটের ফিটনেস বিবেচনায় তাকে শতভাগ ফিট বলতে নারাজ নির্বাচক হান্নান সরকার। সামনে টি-টোয়েন্টি সিরিজ থাকায় টেস্টে তাকে খেলিয়ে ঝুঁকি নিতে চাননি নির্বাচকরা। এ কারণেই ভারত সফরের টেস্ট দলে নেওয়া হয়নি শরিফুলকে।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের প্রেস কনফারেন্স রুমে ভারত সিরিজের দল ঘোষণার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে জাতীয় দলের নির্বাচক হান্নান সরকার বলেন, ‘শরিফুল আসলে ১০০% ফিট বলা যাবে না। পাকিস্তানে দ্বিতীয় টেস্টেই সে আনফিট ছিল। একাদশে ছিল না। সেই প্রসেসেই তাকে রাখা হয়েছে, ফিজিও ট্রেনাররা দেখভাল করছেন। এখন ১০০% ফিট তাকে বলব না টেস্টের জন্য। টেস্টে আপনারা জানেন ১৫-২০ ওভার বল করা দরকার হতে পারে। সামনে আমাদের টি-টোয়েন্টি সিরিজ আছে। সাদা বলে আমাদের গুরুত্বপূর্ণ প্লেয়ার। যেহেতু ১০০% ফিট না, তাই আমরা ঝুঁকি নিতে চাইনি। টেস্টে আমাদের বেশ কিছু প্লেয়ার ফিট আছে, প্রতিযোগিতা করার মত। সেজন্য আমরা ঝুঁকি নিতে চাইনি। যদি সময়ের সঙ্গে সঙ্গে রিকোভার করতে পারে টি-টোয়েন্টিতে আশা করি খেলতে পারবে।’
ভারত সিরিজের টেস্ট স্কোয়াডে পেসার আছেন চারজন – নাহিদ রানা, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ এবং খালেদ আহমেদ। এর মধ্যে খালেদ বাদে বাকি তিনজনই ম্যাচ খেলেছেন পাকিস্তানে। খালেদ ম্যাচ খেলার সুযোগ না পেলেও দলের সাথে ছিলেন। এর আগে টেস্ট ক্রিকেটে তার রেকর্ডও ভালো। সব মিলিয়ে শরিফুল না থাকলেও যারা আছেন সেই চার জনের পেস আক্রমণ নিয়ে সন্তুষ্ট বিসিবি। কন্ডিশন এবং প্রতিপক্ষ বিবেচনা করেই সাজানো হয়েছে স্কোয়াড।
সব মিলিয়ে দলের ভারসাম্য নিয়ে সন্তুষ্ট হান্নান, ‘কন্ডিশন বলতে এখানে চেন্নাইতে খেলা হচ্ছে আর কানপুরে খেলা হচ্ছে। তারা পেস উইকেটও করতে পারে। আমাদের চারজন পেসার আছে চারজন খেলানো কঠিন। তিনজন খেললেও একজন ব্যাকআপ থেকে যাচ্ছে। ব্যাটিং লাইনআপ একটু লম্বা করা হচ্ছে কারণ এই স্কোয়াডে পাঁচজন পেসার নিয়ে গেলে এক্সট্রা পেসার দরকার নাও হতে পারে। যেহেতু আগের সিরিজে চিন্তা ছিল তাসকিন (আহমেদ) ব্যাক করেছে অনেকদিন পরে সেখানেও আমরা ব্যাকআপের চিন্তা করেছি। কিন্তু আলহামদুলিল্লাহ তাসকিন কিন্তু অনেক ভালো ফর্মে রয়েছে বা ছন্দে রয়েছে। তাসকিন টেস্টে ফিরে অনেক ভালো বোলিং করেছে। সে জায়গা থেকে পেস অপশনে চারজন দিয়ে আমরা কাভার করতে পারি। হোম সিরিজেই সবাই তাদের সুবিধার কথা চিন্তা করে। আমরা স্পিন-পেস দুই বিভাগেই কাভার করেছি। তাইজুল (ইসলাম), নাঈম (হাসান) ম্যাচ খেলেনি পাকিস্তানে তারাও কিন্তু ছিল। পেসার চারটা নিয়েও আমরা ভালো জায়গায় আছি। এরপর সঙ্গে ব্যাটিংয়েও আমরা চিন্তা করলাম অপশন একটা বাড়িয়ে নিলে আমরা চিন্তা করতে পারব।’
আগামী ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে মাঠে গড়াবে ভারত এবং বাংলাদেশের মধ্যকার প্রথম টেস্ট ম্যাচ। ২৭ সেপ্টেম্বর কানপুরে মাঠে গড়াবে দ্বিতীয় টেস্ট। দুই টেস্টের সিরিজের পর তিন টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে ভারত এবং বাংলাদেশ। নিজেদের সর্বশেষ টেস্ট সিরিজে পাকিস্তানে গিয়ে পাকিস্তানকে ২-০ ব্যবধানে হারিয়ে এসেছে বাংলাদেশ।