প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৪ ২১:১৫ পিএম
আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৪ ২১:৪৬ পিএম
মেজাজ একটু চড়া হওয়ারই কথা!
যে দলটি সবশেষ ১২ ম্যাচের কোনোটিতেই হারের মুখ দেখেনি, প্রতিপক্ষকে বলে-কয়ে হারিয়েছে,
তারা কিনা র্যাঙ্কিংয়ে নিজেদের চেয়ে ঢের দূরত্বের প্রতিপক্ষের বিপক্ষে হেরেছে। আর
তাই মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) কলম্বিয়ার বিপক্ষে পরাজয় কিছুতেই মেনে নিতে পারছেন না আর্জেন্টিনার
বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। ম্যাচ শেষে ক্যামেরায় থাপ্পড় মেরে ক্ষোভ
মিটিয়েছেন অ্যাস্টন ভিলার এই তারকা।
জেমস রদ্রিগেজদের বিপক্ষে
হার, রেফারির বিতর্কিত সিদ্ধান্তে তিতিবিরক্ত ছিলেন মার্টিনেজ। ম্যাচ শেষে তিনি যখন
প্রতিপক্ষের খেলোয়াড়দের সঙ্গে সৌজন্যমূলকভাবে হাত মিলিয়ে ফিরছিলেন; তখন প্রচারমাধ্যমের
ক্যামেরাকে থাপ্পড় দিয়ে বসেন। এ নিয়ে দেশটির সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস লিখেছে,
পেনাল্টির সিদ্ধান্তে নাখোশ ছিলেন মার্টিনেজ। ফলে এমন কাণ্ড ঘটিয়েছেন তিনি।
হাড্ডাহাড্ডির ম্যাচের দ্বিতীয়ার্ধে
নিকোলাস ওটামেন্ডি নিজেদের বক্সে দানিয়েল মুনোজকে চ্যালেঞ্জ জানালে তিনি পড়ে যান। পরে
ভিএআর সিদ্ধান্তে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। এই পেনাল্টি নিয়ে দুই পক্ষে বিতণ্ডা
বাঁধে। এ নিয়ে কথা বলেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। তিনি বলেছেন, ‘রেফারির
উচিত ছিল প্রথম ছবিটি দেখা। যে ছবিতে মনে হয়েছে ও (ওটামেন্ডি) তাকে (মুনোজ) স্পর্শ
করেছে, সেটি নয়। তার শুরু থেকেই ভিডিও দেখা উচিত ছিল।’