প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৪৯ পিএম
আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৫২ পিএম
পরাজয় মোটেও পছন্দ নয় লিওনেল স্কালোনির
২০২৬ বিশ্বকাপ বাছাই ম্যাচ হলেও গতকাল মঙ্গলবার আর্জেন্টিনা-কলম্বিয়া লড়াই নানা কারণেই ছিল আলোচনার কেন্দ্রে। একপক্ষের কোপা আমেরিকায় হারের প্রতিশোধ, অন্য পক্ষের অজেয় থাকার প্রতিজ্ঞা। এ যাত্রায় শতভাগ পাশ জেমস রদ্রিগেজের দল। ঘরের মাঠে ডি পল ও হুলিয়ান আলভারেজদের ২-১ ব্যবধানে হারিয়েছে তারা। কলম্বিয়ার কাছে হারের আগে টানা ১২ ম্যাচে অজেয় ছিল আর্জেন্টিনা।
কলম্বিয়ার বিপক্ষে হারের কারণ হিসেবে নিজেদের মেলে ধরতে না পারা, প্রতিপক্ষের শক্তিমত্তা এবং রেফারির সিদ্ধান্ত নিয়ে কথা বলেছেন কোচ লিওনেল স্কালোনি। লিওনেল মেসিদের ৪৬ বর্ষী কোচ বলেছেন ‘আমরা জানি না কীভাবে হারতে হয়। কলম্বিয়াকে অভিনন্দন জানাই। এমন পরিস্থিতিতেও আমরা ভালো খেলেছি। সবসময়ই আমরা সেরাটা দেওয়া চেষ্টা করি। এমনকি এ ম্যাচে জিততেও পারতাম।’ তিনি আরো যোগ করেন, ‘আমরা হারতে পছন্দ করি না। তবে পেনাল্টির পর প্রকৃতপক্ষে ছেলেরা খেলাতেই ছিল না।’
স্কালোনির মনে করেন, ‘কলম্বিয়ার দারুণ খেলোয়াড় আছে। নির্ভরযোগ্য সিস্টেম আছে। সেখানে তাদের বিপক্ষে খেলাটা খুবই কঠিন। আমরা সুযোগ পেয়েছিলাম, কিন্তু তা কাজে লাগাতে পারিনি। আমরা সব সময় বলের পেছনে পেছনে থাকি। আমাদের এই বিষয়গুলো ঠিক করতে হবে, উন্নতি করতে হবে।’
এদিন ম্যাচের দ্বিতীয়ার্ধে নিকোলাস ওটামেন্ডি নিজেদের বক্সে দানিয়েল মুনোজকে চ্যালেঞ্জ জানালে তিনি পড়ে যান। ভিএআর সিদ্ধান্ত আর্জেন্টিনার বিপক্ষে যায়। পেনাল্টি নিয়ে দুই দলের খেলোয়াড়দের মধ্যে বিতণ্ডা হয়। পেনাল্টি থেকে গোল করেন জেমস রদ্রিগেজ। বিতর্কিত সেই সিদ্ধান্ত নিয়ে স্কালোনি বলেছেন, ‘রেফারির উচিত ছিল প্রথম ছবিটি দেখা। যে ছবিতে মনে হয়েছে ও (ওটামেন্ডি) তাকে (মুনোজ) স্পর্শ করেছে সেটি নয়। তার শুরু থেকেই ভিডিও দেখা উচিত ছিল।’
এসময় মেসি ইস্যুতে প্রশ্নের সম্মুখীন হন স্কালোনি। গত আড়াই মাস পায়ের ইনজুরির কারণে মাঠের বাইরে ৩৭ বর্ষী এই তারকা ফরোয়ার্ড। তবে সম্প্রতি ইন্টার মিয়ামির অনুশীলনে ফিরেছেন তিনি। আগামী শনিবারে এমএলস গেমসে ফিলাডিলফিয়ার বিপক্ষে ফেরার কথা রয়েছে এমএলটেনের। আর্জেন্টিনার পরের ম্যাচে মেসির ফেরার সম্ভবনা রয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে স্কালোনি বলেছেন, আমরা যখন পরের ম্যাচের জন্য দল দেব, তখন তার সঙ্গে যোগাযোগ করবো। যদি সে খেলার উপযোগী হয়ে থাকেন, তবে তাকে ফেরানো হবে।’