× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিশ্বকাপ বাছাই

এবার প্যারাগুয়ের কাছে হার ব্রাজিলের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৪ ১০:৩২ এএম

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৪ ১০:৩৯ এএম

বিশ্বকাপ বাছাইয়ে এবার প্যারাগুয়ের কাছে হারল ব্রাজিল। সংগৃহীত ছবি

বিশ্বকাপ বাছাইয়ে এবার প্যারাগুয়ের কাছে হারল ব্রাজিল। সংগৃহীত ছবি

আগের ম্যাচে ইকুয়েডরকে হারিয়ে পরাজয়ের বৃৃত্ত ভাঙার উল্লাসে মেতেছিল ব্রাজিল। কিন্তু চার দিনের ব্যবধানে ফের হতাশায় ডুবল দরিভাল জুনিয়রের দল। বিবর্ণ পারফরম্যান্সে এবার প্যারাগুয়ের কাছে হার মানল রেকর্ড পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

বুধবার সকালে ২০২৬ বিশ্বকাপের বাছাই পর্বে দক্ষিণ আমেরিকা অঞ্চলের ম্যাচে প্যারাগুয়ের ঘরের মাঠে ১-০ ব্যবধানে হেরেছে ব্রাজিল। স্বাগতিকদের পক্ষে জয়সূচক গোলটি করেন দিয়েগো গোমেজ।

বাছাইয়ে সবশেষ পাঁচ ম্যাচে এটি ব্রাজিলের চতুর্থ হার। শনিবার ঘরের মাঠে ইকুয়েডরের বিপক্ষে জেতার আগে টানা তিনটি ম্যাচ হেরেছিল সেলেসাওরা। সেগুলোয় তাদের প্রতিপক্ষ ছিল বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা, কলম্বিয়া ও উরুগুয়ে।

এর আগে ইকুয়েডরকে হারিয়ে ব্রাজিলের কোচ দরিভাল বলেছিলেন, ‘আমরা আবারও লড়াকু দল হয়ে উঠব। এ ব্যাপারে কোনো সংশয় নেই। ২০২৬ বিশ্বকাপের ফাইনালে খেলব আমরা। এটি শতভাগ নিশ্চিত। আমার কথাটা মনে রাখুন।’ তবে পারফরম্যান্সের বেহাল দশায় ওই আসরে জায়গা করে নেওয়ার পথই কঠিন হয়ে যাচ্ছে ব্রাজিলের।

বল দখলে এদিন অনেক ব্যবধানে এগিয়ে ছিল ব্রাজিল। তবে আক্রমণে ছিল না তেজ। খেলার ৭২ শতাংশ সময় বল পায়ে রেখে গোলমুখে নয়টি শট নিয়ে তিনটি লক্ষ‍্যে রাখে তারা। অন্যদিকে গোলের জন্য সাতটি শট নেওয়া প‍্যারাগুয়ের দুটি ছিল লক্ষ‍্যে।

স্বাগতিক দল প্রথমার্ধের ২০ মিনিটে পেয়ে যায় গোল। গ্যাব্রিয়েল হেডে বল ক্লিয়ার করার পর তা ডি-বক্সের বাইরে গোমেজের কাছে যায়। তাকে সেভাবে বাধা দেননি কেউ। সেই সুযোগে বল সুবিধাজনক জায়গায় নিয়ে জোরালো শটে দূরের পোস্ট দিয়ে জাল খুঁজে নেন তিনি।

ঘুরে দাঁড়ানোর জন্য অনেক সময় পেলেও সেটা কাজে লাগাতে ব্যর্থ হয় ব্রাজিল। রিয়াল মাদ্রিদদের তিন ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগো ও এন্দ্রিককে নিয়ে সাজানো আক্রমণভাগ ছিল ছন্নছাড়া। তাদের মধ্যে বোঝাপড়ার ঘাটতিও ছিল চোখে লাগার মতো।

প্রথমার্ধ শেষে ধুঁকতে থাকা এন্দ্রিককে মাঠ থেকে তুলে নেওয়া হয়। গত রাউন্ডে ইকুয়েডরের বিপক্ষে জয়ের নায়ক রদ্রিগো বদলি হন ৭৯ মিনিটে। আর পুরো ম্যাচ খেললেও নামের প্রতি সুবিচার করতে পারেননি ভিনিসিয়ুস।

শেষবাঁশি বাজার সঙ্গে সঙ্গে বাঁধনহারা উল্লাসে মেতে ওঠেন প্যারাগুয়ের ফুটবলাররা। গ্যালারিতেও ছিল তীব্র উল্লাস। আর সেটা হবে না কেন! ২০০৮ সালের পর ব্রাজিলের বিপক্ষে এটিই তাদের প্রথম জয়।

আট ম‍্যাচে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে বাছাইয়ের পয়েন্ট তালিকায় ৫-এ নেমে গেছে ব্রাজিল। সমান ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে ৭-এ উঠে এসেছে প‍্যারাগুয়ে। এ রাউন্ডের আগের ম্যাচে কলম্বিয়ার কাছে হারলেও শীর্ষস্থান ধরে রেখেছে আর্জেন্টিনা। তাদের অর্জন ১৮ পয়েন্ট। ১৬ পয়েন্ট নিয়ে ২-এ আছে কলম্বিয়া।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা