× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কলম্বিয়ার কাছে হারল আর্জেন্টিনা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৪ ১০:০০ এএম

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৪ ১০:৫৩ এএম

কলম্বিয়ার কাছে হারল আর্জেন্টিনা। সংগৃহীত ছবি

কলম্বিয়ার কাছে হারল আর্জেন্টিনা। সংগৃহীত ছবি

চলতি বছরের জুলাইয়ে ফাইনালে কলম্বিয়াকে হারিয়ে টানা দ্বিতীয়বার কোপা আমেরিকার শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। দুই মাস পর ফের মুখোমুখি লড়াইয়ে এবার পেরে উঠল না লিওনেল স্কালোনির দল। মঙ্গলবার রাতে আর্জেন্টিনার অজেয় যাত্রা থামিয়ে পুরোনো ক্ষতে কিছুটা হলেও প্রলেপ দিল কলম্বিয়ানরা।

২০২৬ বিশ্বকাপ বাছাই পর্বে দক্ষিণ আমেরিকা অঞ্চলের ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে ২-১ ব্যবধানে হেরেছে আর্জেন্টিনা। ইয়ের্সন মসকেরা স্বাগতিকদের এগিয়ে নেওয়ার পর সমতা টানেন আর্জেন্টিনার নিকোলাস গঞ্জালেজ। এরপর লড়াইয়ে ব্যবধান গড়ে দেন হামেস রদ্রিগেস। নিজে জাল খুঁজে নেওয়ার আগে সতীর্থকে অ্যাসিস্টও করেন তিনি। সবশেষ কোপা আমেরিকার আসর থেকেই নিজেকে অন্যভাবে চেনাচ্ছেন রদ্রিগেস। মঙ্গলবার রাতের খেলায়ও সেই ধারাবাহিকতার ছাপ থাকল।

চলমান বিশ্বকাপ বাছাই পর্বে আর্জেন্টিনার এটি দ্বিতীয় হার। তবে আট ম্যাচে ৬ জয়ে ১৮ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষস্থান ধরে রেখেছে তারা। এ ছাড়া এ হারে টানা ১২ ম্যাচ অপরাজিত (১১ জয় ও ১ ড্র) থাকার যাত্রা থামল আর্জেন্টিনার। শেষবার তারা হেরেছিল গত বছরের নভেম্বরে নিজেদের মাঠে উরুগুয়ের বিপক্ষে ২-০ গোলে। সেটিও ছিল বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ। আর কোপার ফাইনালে আর্জেন্টিনার কাছে হেরেই ২৩ বছর চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন ভেঙে গিয়েছিল কলম্বিয়ার। পাশাপাশি নিজেদের ইতিহাসে টানা ২৮ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডেরও ইতি ঘটেছিল।

মেট্রোপলিটানো স্টেডিয়ামে প্রায় ৪৭ হাজার দর্শকের সামনে বল দখলে কিছুটা এগিয়ে থাকলেও আক্রমণে নির্বিষ ছিল আর্জেন্টিনা। ৫৩ শতাংশ সময় বল পায়ে রেখে গোলমুখে ১৩টি শট নিয়ে স্রেফ একটি লক্ষ্যে রাখতে পারে তারা। বিপরীতে গোলপোস্টে কলম্বিয়ার নেওয়া নয়টি শটের পাঁচটিই ছিল লক্ষ্যে।

সেটির ফলও ২৫ মিনিটে পেয়ে যায় কলম্বিয়া। এ সময়ে এগিয়ে যাওয়ার আনন্দে মাতে ঘরের মাঠের দলটি। কর্নারের পর অ্যাটাকিং মিডফিল্ডার হামেস উঁচু ক্রস করেন দূরের পোস্টে। ডি-বক্সে জটলার মধ্যে লাফিয়ে উঠে হেড করে জাল কাঁপান ডিফেন্ডার মসকেরা। পিছিয়ে থেকে বিরতিতে যাওয়া সফরকারীরা স্কোরলাইন ১-১ করে দ্বিতীয়ার্ধের শুরুতে। হামেসের ভুল পাসে মাঝমাঠের কাছে বল পেয়ে দ্রুতগতিতে ডি-বক্সে ঢুকে পড়েন উইঙ্গার নিকোলাস। সঙ্গে লেগে থাকা মসকেরার চ্যালেঞ্জ এড়িয়ে গোলরক্ষক কামিলো ভার্গাসের দুই পায়ের ফাঁক দিয়ে গোল করেন তিনি।

জয়সূচক গোল পেতে এরপর বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি নেস্তর লরেঞ্জোর দলকে। ৬০ মিনিটে পেনাল্টি থেকে নিশানা ভেদ করেন হামেস। স্পট-কিক ঠেকাতে গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজের পক্ষে সম্ভব হয়নি শট রুখে দেওয়া। ডি-বক্সে কলম্বিয়ার ডিফেন্ডার দানিয়েল মুনোজ ফাউলের শিকার হলে ভিএআরের সাহায্য নিয়ে রেফারি বাজিয়েছিলেন পেনাল্টির বাঁশি। তাকে ফাউল করেছিলেন চোটগ্রস্ত লিওনেল মেসির পরিবর্তে আর্জেন্টিনাকে নেতৃত্ব দেওয়া নিকোলাস ওটামেন্দি।

বাকি সময়ে কলম্বিয়া পারেনি ব্যবধান বাড়াতে। আর্জেন্টিনাও পারেনি সমতায় ফিরতে। তবে দুই দলের সামনেই সুযোগ এসেছিল গোলের। কলম্বিয়ার স্ট্রাইকার জন দুরান সরাসরি শট নেন গোলরক্ষক বরাবর, বদলি স্ট্রাইকার জন কর্দোবার ভলি চলে যায় ক্রসবারের ওপর দিয়ে। আর্জেন্টিনার স্ট্রাইকার লাওতারো মার্তিনেজ ডি-বক্সে ঢুকেও ঠিকমতো শট নিতে ব্যর্থ হন, বদলি ফরোয়ার্ড পাওলো দিবালার দূরপাল্লার শট হয় লক্ষ্যভ্রষ্ট।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা