× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শ্রীলঙ্কাকে অনায়াসে হারাল বাংলার মেয়েরা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৪ ২০:২৭ পিএম

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৪ ২০:২৮ পিএম

শ্রীলঙ্কাকে অনায়াসে হারাল বাংলার মেয়েরা

টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে শ্রীলঙ্কা সফরে গেছে বাংলাদেশের মেয়েরা। ‘এ’ দলের সিরিজ হলেও বিশ্বকাপের ভাবনায় স্কোয়াডে আছেন জাতীয় দলের অধিকাংশ ক্রিকেটার। দুই ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়ে গিয়েছিল। আজ মঙ্গলবার দ্বিতীয় ওয়ানডে ম্যাচটিও বৃষ্টি বাধায় পড়েছিল। যদিও শেষ পর্যন্ত বৃষ্টি থামায় ওয়ানডে ম্যাচ রূপ নেয় টি-টোয়েন্টি ম্যাচে। ২০ ওভারের ওয়ানডে ম্যাচে লঙ্কান ‘এ’ দলের বিপক্ষে ৭ উইকেটের দাপুটে জয় পেয়েছে বাংলার মেয়েরা।

কলম্বোর থ্রুস্টানে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১১৩ রানের পুঁজি গড়ে স্বাগতিক মেয়েরা। দলের পক্ষে সর্বোচ্চ ৩৬ রান করেন অধিনায়ক সত্য সন্দীপনি। এছাড়া মিডল অর্ডার ব্যাটার পিউমি ওয়াথশালা ২২ রান করেন। শেষদিকে মালসা শেহানি ১৪ বলে অপরাজিত ২৫ রানের ক্যামিও ইনিংস খেলেন। বোলিংয়ে বাংলাদেশের হয়ে রাবেয়া খান ও ফাহিমা খাতুন প্রত্যেকে দুটি করে উইকেট শিকার করেন। 

১১৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে অভিজ্ঞ এই দলটির খুব একটা বেগ পেতে হয়নি। দলীয় ৩ রানের মাথায় ওপেনার শামীমা সুলতানা রানআউটের ফাঁদে পড়লেও দ্বিতীয় উইকেটে ৬০ বলে ৭৪ রানের জুটি গড়েন মুর্শিদা খাতুন ও দিলারা আক্তার। ৩৪ বলে ৪৭ রানের ইনিংস খেলেন দিলারা আর মুর্শিদার ব্যাট থেকে আসে ৩৪ বলে ৩০ রান। এরপর বাকি কাজটা সারেন নিগার সুলতানা জ্যোতি (২৪*) ও রিতু মনি (১১*)। তাতেই ২ ওভার হাতে রেখেই জয় তুলে নেয় সফরকারীরা।    

ওয়ানডে সিরিজ শেষে আগামী ১২ সেপ্টেম্বর থেকে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে দুই দল। এই  ফরম্যাটের সবগুলো ম্যাচই হবে কলম্বোতে। ১২ ও ১৩ সেপ্টেম্বর প্রথম দুই টি-টোয়েন্টি ম্যাচের ভেন্যু পি সারা ওভাল। ১৫ সেপ্টেম্বর তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটি হবে সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে। ১৭ সেপ্টেম্বর চতুর্থ ম্যাচ থ্রুস্টান এবং ১৯ সেপ্টেম্বর সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচটি কল্টসে।

এদিকে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশে আয়োজনের কথা ছিল। কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের পর নিরাপত্তার শঙ্কায় কুড়ি কুড়ির বিশ্বকাপ সরিয়ে নেওয়া হয়েছে সংযুক্ত আরব আমিরাতে। মধ্যপ্রাচ্যের দেশটিতে আগামী ৩ অক্টোবর আসরের উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডের মেয়েদের মুখোমুখি হবে বাংলার নন্দিনীরা।

সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা নারী ‘এ’ দল: ২০ ওভারে ১১৩/৫ (কৌশানি ১৮, আমাধি ১, ইমেশা ৫, সান্দিপানি ৩৬, পিউমি ২২, মালশা ২৫*, নিলাকশানা ৩*; জাহানারা ৪-০-২৯-০, জেসমিন ৪-০-২৬-০, রাবেয়া ৪-০-১৮-২, ফাহিমা ৩-০-১০-২, সুলতানা ৩-০-১৭-০, স্বর্ণা ২-১-১১-০)
বাংলাদেশ নারী ‘এ’ দল: ১৮ ওভারে ১১৭/৩ (শামীমা ১, দিলারা ৪৭, মুর্শিদা ৩০, নিগার ২৪*, রিতু ১১*; চেথানা ৩-০-২০-১, মালকি ১-০-১২-০, মালশা ৩-০-২৩-০, থারুকা ৪-০-১৬-০, সান্দিপানি ৩-০-১৫-০, মাদুশানি ৪-০-৩১-১)
ফল: বাংলাদেশ নারী ‘এ’ দল ৭ উইকেটে জয়ী।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা