× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাতে আর্জেন্টিনা, সকালে নামছে ব্রাজিল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৪ ১৫:৩৪ পিএম

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৪ ১৫:৩৮ পিএম

২০২৬ বিশ্বকাপ বাছাই ঘিরে ছক কষছেন আর্জেন্টিনা ও ব্রাজিলের দুই কোচ লিওনেল স্কালোনি (বাঁয়ে) ও দরিভাল জুনিয়র (ডানে)।

২০২৬ বিশ্বকাপ বাছাই ঘিরে ছক কষছেন আর্জেন্টিনা ও ব্রাজিলের দুই কোচ লিওনেল স্কালোনি (বাঁয়ে) ও দরিভাল জুনিয়র (ডানে)।

২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আজ মঙ্গলবার রাতে মাঠে নামবে আর্জেন্টিনা। পরের দিন সকালেই রয়েছে ব্রাজিলের ম্যাচ। কলম্বিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচটি হবে জেমস রদ্রিগেজদের ঘরের মাঠ মেট্রোপলিটানো স্টেডিয়ামে। রাত আড়াইটায় শুরু হবে হাড্ডাহাড্ডির এই লড়াই। আর ইকুয়েডরের বিপক্ষে জয়খরা কাটানো ব্রাজিলের প্রতিপক্ষ প্যারাগুয়ে। আগামীকাল বুধবার ভোর সাড়ে ছয়টার ম্যাচে সেলেসাওদের আতিথেয়তা দেবে প্যারাগুয়ে। ম্যাচ দুটি সরাসরি সম্প্রচার করবে বেট ৩৬৫।

বিশ্বকাপ বাছাইয়ে সর্বশেষ চার ম্যাচেই জয়শূন্য ছিল ব্রাজিল। গত বছর অক্টোবরে ভেনেজুয়েলার সঙ্গে ১-১ গোলে ড্রয়ের পর হেরেছে টানা তিন ম্যাচ। সেই অক্টোবরেই হেরেছে উরুগুয়ের কাছে, এরপর একে একে কলম্বিয়া ও আর্জেন্টিনার কাছে লজ্জায় পড়ে দরিভাল জুনিয়রের দল। তবে বৃত্ত ভাঙে ইকুয়েডরকে হারিয়ে। ১-০ গোলের জয়ে শুধু ৩ পয়েন্টই নয় বরং হারানো আত্মবিশ্বাস খুঁজে পায় ভিনিসিয়ুস জুনিয়ররা।

ঘুরে দাঁড়ানোর মন্ত্রে দীক্ষা পাওয়া ব্রাজিল আজ প্রতিপক্ষ নিয়ে কিছুটা নির্ভার বটে। কারণ প্যারাগুয়ের বিপক্ষে সবশেষ পাঁচ দেখায় চারবারই ব্রাজিল জিতেছে। আরেকটি কারণ আছে বৈকি। গত বছর নভেম্বরে বাছাইপর্বে আর্জেন্টিনার বিপক্ষে সর্বশেষ হারে পয়েন্ট টেবিলে ষষ্ঠ স্থানে নেমে গিয়েছিল ব্রাজিল। গত ম্যাচে ইকুয়েডরকে হারিয়ে ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে উঠে এসেছে তারা।

প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচের আগে ভিনিদের গুরু দরিভাল বলেছেন, ‘সমর্থকদের জন্য আমাদের সেরাটা দিতে হবে। আমি বিশ্বাস করি যে আমাদের সেই সমর্থন আছে।’ পয়েন্ট টেবিলে কিছুটা নিচে থাকা ব্রাজিলের এই মুহূর্তে পূর্ণ তিন পয়েন্টে চোখÑ এমনটাই বলেছেন, পরিস্থিতি অস্বস্তিকর। এখান থেকে উত্তরণের জন্য আমাদের বিশেষ মনোযোগ দিতে হবে।’

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ে ব্রাজিল কিছুটা চিন্তায় থাকলেও চিন্তামুক্ত আর্জেন্টিনা। সাত ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আকাশি-নীলরা। যুক্তরাষ্ট্রে গত জুলাইয়ে কোপা আমেরিকা জয়ের পর চিলির বিপক্ষে প্রথম ম্যাচ খেলে দলটি। লিওনেল মেসি ও আনহেল ডি মারিয়াহীন সেই ম্যাচে চিলিকে স্রেফ উড়িয়ে দেয় পাওলো দিবালারা। তবে আগামীকালকের ম্যাচে কিছুটা হলেও বেগ পোহাতে হবে আলবেসেলেস্তাদের। কারণ, কোপা আমেরিকার ফাইনালে এই কলম্বিয়ার বিপক্ষেই স্নায়ুক্ষয়ী যুদ্ধ হয় মেসিদের। ঘরের মাঠে প্রতিশোধের দারুণ সুযোগ থাকছে রদ্রিগেজদের। ম্যাচটি প্রতিযোগিতাপূর্ণ হবে বলে মনে করেন আর্জেন্টিনার ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ। তিনি বলেছেন, ‘আমরা জানি কলম্বিয়ার বিপক্ষে ম্যাচটা কেমন হবে। ফাইনালের পর কলম্বিয়া ম্যাচটা কঠিন হতে যাচ্ছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা