প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৪ ১৪:০৬ পিএম
আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৪০ পিএম
সম্প্রতি পাকিস্তানকে তাদেরই মাটিতে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। এবার বেজে উঠেছে টাইগারদের ভারত সফরের দামামা। ইতোমধ্যেই শুরু হয়ে গেছে কথার লড়াই। ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী গতকাল বলেছিলেন, ভারতের মাটিতে বাংলাদেশের টেস্ট জয়ের কোনো আশা নেই। অবশ্য দলটির টপ অর্ডার ব্যাটার শুভমান গিল বাংলাদেশকে সমীহের চোখেই দেখছেন। দারুণ একটি সিরিজের অপেক্ষা করছেন তিনি।
জিও সিনেমায় দেওয়া সাক্ষাৎকারে শুভমান বলেছেন, ‘আমার মনে হয় না, এখন কোনো দেশকে খাটো করে দেখা উচিত হবে। গত দুই মাসে, বিশেষ করে পাকিস্তানের মাটিতে বাংলাদেশ যে ধরনের ক্রিকেট খেলেছে, সেটা অসাধারণ। তাদের পেসার এবং মিডল অর্ডার ব্যাটাররা যেভাবে চাপের মাঝে খেলেছেন, সেটা কোনোভাবেই ছোট করে দেখা যাবে না। তাই আমার মতে, বাংলাদেশ সিরিজ খুব আকর্ষণীয় এবং উত্তেজনাপূর্ণ হতে যাচ্ছে।’
টেস্টে ভারতের হয়ে এখন ওপেন করছেন যশস্বী জয়সওয়াল। তরুণ এই ব্যাটার এরই মধ্যে নিজের প্রতিভার জানান দিয়েছেন। তাই শুভমানকে ওপেনিং ছেড়ে তিন নম্বরে খেলতে হচ্ছে। নতুন পজিশন নিয়ে এই তরুণ বলেন, ‘বিভিন্ন পজিশনে খেলতে পারলে নিজের সামর্থ্যের প্রমাণ দেওয়া যায়। প্রথমদিকে তিন নম্বরে নেমে কয়েকটা ম্যাচে আমি ভালো খেলতে পারিনি। শুরুটা ভালো হচ্ছিল না। ২০-৩০ রানে আটকে যাচ্ছিলাম। বড় রান করতে পারছিলাম না। এবার খেলতে নামলে ফিফটিগুলোকে সেঞ্চুরিতে পরিণত করার চেষ্টা করব।’
দুই টেস্ট ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ১৫ সেপ্টেম্বর ভারতে যাবে বাংলাদেশ দল। চেন্নাইয়ে আগামী ১৯ সেপ্টেম্বর মাঠে গড়াবে প্রথম টেস্ট। এরপর কানপুরে ২৭ সেপ্টেম্বর থেকে মাঠে গড়াবে দ্বিতীয় টেস্ট। সাদা পোশাকের লড়াই শেষে ৬ অক্টোবর গোয়ালিয়রে টি-টোয়েন্টির চ্যালেঞ্জে নামবে বাংলাদেশ। ৯ অক্টোবর দিল্লি ও ১২ অক্টোবর হায়দরাবাদে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি।