প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৪ ১৩:০৮ পিএম
বাংলাদেশ ক্রিকেটের পঞ্চপাণ্ডবদের অন্যতম মাশরাফি বিন মর্ত্তুজা। জাতীয় দলের হয়ে তাকে সবশেষ দেখা গিয়েছিল চার বছর আগে। মাঠে সবশেষ খেলেছেন গত ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে। এরপর আবারও বেশ অনেকটা দিন ধরেই মাঠের বাইরে আছেন মাশরাফি। দীর্ঘদিন বাইরে থাকার পর আবারও ২২ গজে ফিরছেন ম্যাশ। যুক্তরাষ্ট্রের মাস্টার্স টি-টেন লিগের দ্বিতীয় আসরে খেলতে যাচ্ছেন নড়াইল এক্সপ্রেস।
শুধু মাশরাফিই না, ইউএস মাস্টার্স টি-১০ লিগের দ্বিতীয় আসরে দল পেয়েছেন একঝাঁক বাংলাদেশি ক্রিকেটার। এদের মধ্যে রয়েছেন আরাফাত সানি, আরিফুল হক, আল-আমিন হোসেন, ইলিয়াস সানি, কামরুল ইসলাম রাব্বি, এনামুল হক জুনিয়র ও সৈয়দ রাসেলরা। গতকালের ড্রাফটের আগে সরাসরি চুক্তিতে দল পেয়েছেন নুরুল হাসান সোহান ও আব্দুর রাজ্জাক।
বিপিএলের সিলেট স্ট্রাইকার্সের স্বত্বাধিকারীর দল ড্রেটয়িট ফ্যালকনসের হয়ে ইউএস টি-১০ লিগে খেলবেন মাশরাফি। একই দলের হয়ে খেলবেন আরিফুল, এনামুল ও রাসেল। আছেন সরাসরি চুক্তিতে দল পাওয়া আব্দুর রাজ্জাকও। একই দলে আছেন অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক অ্যারন ফিঞ্চ, ইংল্যান্ডের ডাভিড মালান, উইন্ডিজের রায়াদ এমরিত, দিনেশ রামদিন, শ্রীলঙ্কান থিসারা পেরেরা ও অ্যাঞ্জেলো পেরেরা।
শিকাগো প্লেয়ার্সের হয়ে খেলবেন পেসার আল-আমিন হোসেন। আটালান্টা রাইডার্সের হয়ে খেলবেন বাঁহাতি স্পিনার ইলিয়াস সানি। একই দলে খেলবেন আরেক বাঁহাতি স্পিনার আরাফাত সানি ও পেসার কামরুল ইসলাম রাব্বি। এই দলে নিলামের আগেই চুক্তিবদ্ধ হয়েছেন উইকেটকিপার ব্যাটার নুরুল হাসান সোহান।
বাংলাদেশ ছাড়াও বিশ্বের নানা প্রান্ত থেকেই এই লিগে আসছেন তারকারা। খেলবেন মোহাম্মদ হাফিজ, ইমরান তাহির, মার্টিন গাপটিল, সুরেশ রায়না, হরভজন সিং, হ্যামিলটন মাসাকাদজাদের মতো অনেকেই। দেখা যাবে অনেক আগে ক্রিকেট ছাড়া জেসি রাইডার, উপল থারাঙ্গাদের।
টুর্নামেন্টের দ্বিতীয় মৌসুম শুরু হচ্ছে ৮ নভেম্বর। ডেট্রয়েট ফ্যালকনস, মরিসভিল ইউনিটি, দ্য শিকাগো প্লেয়ার্স, ক্যালিফোর্নিয়া বোল্টস, নিউইয়র্ক ওয়ারিয়র্স, আটলান্টা রাইডার্স—এই ছয় দল খেলছে এবারের টুর্নামেন্টে। টুর্নামেন্ট শেষ হবে ১৭ নভেম্বর।