প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৪ ১১:২৭ এএম
আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৪ ১১:৩০ এএম
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার। এরপর রাজনৈতিক অস্থিরতায় নিরাপত্তা ইস্যুতে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে পারছে না বাংলাদেশ। একই কারণে ঘরের মাঠে নিউজিল্যান্ড ‘এ’ দলের সফরও স্থগিত করা হয়েছে। এবার দক্ষিণ আফ্রিকা দলের বাংলাদেশ সফরের আসার বিষয়টিও শঙ্কার মধ্যে পড়েছে।
দুটি টেস্ট ম্যাচ খেলতে আগামী মাসে বাংলাদেশ সফরে আসার কথা দক্ষিণ আফ্রিকার। সিরিজটি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ না হলেও এফটিপিতে আগেই যুক্ত ছিল। কিন্তু রাজনৈতিক পটপরিবর্তনের কারণে সেই সিরিজ এখন শঙ্কায়। সিরিজটি খেলতে বাংলাদেশে আসবে কি না, সে সিদ্ধান্ত নেওয়ার আগে দেশটির ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে কথা বলবে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড (সিএসএ)।
যদিও প্রোটিয়াদের সফরের ব্যাপারে আশ্বস্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীস গণমাধ্যমকে বলেছেন, ‘আমাদের দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ডের সঙ্গে নিয়মিত যোগাযোগ হচ্ছে। ওরা আমাদের কাছে দেশের পরিস্থিতি জানতে চেয়েছে। আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তরফ থেকে তাদের সম্পূর্ণ আশ্বস্ত করেছি। আগস্ট মাসের দিকে যে পরিস্থিতি ছিল, এখন সে রকম নেই। আমাদের দৃষ্টিতে কোনো আশঙ্কা দেখছি না। স্বাভাবিকভাবে আমাদের দেশে যেভাবে দ্বিপক্ষীয় সিরিজ চলে, সেভাবেই চলবে।’
দক্ষিণ আফ্রিকা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে কথা বলে এক সপ্তাহের মধ্যে এ ব্যাপারে সিদ্ধান্ত জানাবে দেশটির ক্রিকেট বোর্ড। ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, সিদ্ধান্তটা সব পক্ষের সঙ্গে কথা বলেই নেওয়া হবে। যে কারণে সফরে যাওয়া না–যাওয়ার বিষয়টি দক্ষিণ আফ্রিকার কোনো খেলোয়াড়ের ব্যক্তিগত সিদ্ধান্তের ওপর নির্ভর করবে না। শেষ পর্যন্ত প্রোটিয়ারা বাংলাদেশে আসবে কি না, সেটি এখন সুতোয় ঝুলছে।