সৌরভ গাঙ্গুলীর ভবিষ্যদ্বাণী
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৪ ২০:৪৭ পিএম
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৪ ২১:০৩ পিএম
সম্প্রতি পাকিস্তানের মাটিতে টেস্ট
সিরিজ জিতেছে বাংলাদেশ। সাদা পোশাকে দুই ম্যাচের সিরিজে স্বাগতিকদের হোয়াইটওয়াশের লজ্জায়
ডুবিয়েছে টাইগাররা। কিন্তু ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী মনে করেন, পাকিস্তানের
মাটিতে বাংলাদেশের সিরিজ জয়ের পেছনে যতটা না বাংলাদেশের কৃতিত্ব, তার চেয়ে বেশি যেন
পাকিস্তানের ব্যর্থতা। পাকিস্তানে বাংলাদেশ দল সিরিজ জিতলেও আসন্ন ভারত সফরে সেটি সম্ভব
নয় বলেই মনে করেন ‘প্রিন্স অব কলকাতা’খ্যাত এই তারকা।
ভারতের সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া
এক সাক্ষাৎকারে সৌরভ বলেন, ‘পাকিস্তানে গিয়ে পাকিস্তানকে হারানো সহজ কাজ নয়। সিরিজ
জেতায় বাংলাদেশকে শুভেচ্ছা জানাই। তবে ভারতে এসে খেলা সম্পূর্ণ আলাদা ব্যাপার। ঘরের
মাঠে হোক কিংবা বিদেশের মাটিতে, ভারত খুবই শক্তিশালী দল। আমি বাংলাদেশের জয়ের কোনো
সম্ভাবনা দেখছি না। ভারতই সিরিজ জিতবে।’
দুই টেস্ট ও তিন ম্যাচের টি-টোয়েন্টি
সিরিজ খেলতে আগামী ১৫ সেপ্টেম্বর ভারতে যাবে বাংলাদেশ দল। চেন্নাইয়ে আগামী ১৯ সেপ্টেম্বর
মাঠে গড়াবে প্রথম টেস্ট। এরপর কানপুরে ২৭ সেপ্টেম্বর থেকে মাঠে গড়াবে দ্বিতীয় টেস্ট।
সাদা পোশাকের লড়াই শেষে ৬ অক্টোবর গোয়ালিয়রে টি-টোয়েন্টির চ্যালেঞ্জে নামবে বাংলাদেশ।
৯ অক্টোবর দিল্লি ও ১২ অক্টোবর হায়দরাবাদে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি।
পাকিস্তান থেকে ইতিহাস গড়ে আসা মুশফিক-লিটনদের
এবার ভারতকে হারানোর তাড়না। সেই লক্ষ্যে প্রস্তুতিটাও চলছে জুতসই। সৌরভও মানছেন, আত্মবিশ্বাসে
টইটম্বুর হয়েই ভারত সফরে যাবেন নাজমুল হোসেন শান্তরা, ‘পাকিস্তানে পাকিস্তানকে হারিয়ে
বাংলাদেশ ভারতে আসছে, তাই ওদের আত্মবিশ্বাস বেশি থাকবে। ভারতকে তাই কঠিন লড়াইয়ের জন্য
প্রস্তুত থাকতে হবে।’
চেন্নাইয়ের উইকেটে সাধারণত স্পিনাররাই বেশি সুবিধা পায়। তাই বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে একাদশে একাধিক স্পিনার দেখা যাবে বলেই মনে করছেন সৌরভ, ‘চেন্নাইয়ে স্পিনাররা সুবিধা পাবে। ওখানে বাউন্স বেশি। রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল ও কুলদীপ যাদব এখন বিশ্বের সেরা চারজন স্পিনার। তাই ওদের বিরুদ্ধে খেলা সহজ হবে না। ভারতের মাটিতে ওরাই সবচেয়ে বড় অস্ত্র।’