প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৪ ১৮:৩৯ পিএম
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৪ ১৯:৫৩ পিএম
ইংল্যান্ড সফরের প্রথম দুই টেস্টেই
হেরে গিয়েছিল শ্রীলঙ্কা। ফলে তিন ম্যাচ সিরিজে ধনঞ্জয়া ডি সিলভার দল ছিল হোয়াইটওয়াশের
শঙ্কায়। কিন্তু শেষ পর্যন্ত সফরকারীরা ঘুরে দাঁড়াল কেনিংটন ওভালে। পাথুম নিশাঙ্কার
অনবদ্য সেঞ্চুরিতে ৮ উইকেটের দাপুটে জয় পেয়েছে লঙ্কানরা। ইংল্যান্ডের মাটিতে চতুর্থ
টেস্ট জয়টিও এসেছে ১০ বছর পরে। ২০১৪ সালে সবশেষ লিডসে সাদা পোশাকে জিতেছিল এশিয়ার দেশটি।
টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ওলি পোপের
সেঞ্চুরিতে প্রথম ইনিংসের ৩২৫ রান করেছিল ইংল্যান্ড। জবাবে লঙ্কানরা গুটিয়ে গিয়েছিল
২৬৩ রানে। ৬২ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে লঙ্কান পেসারদের তোপে
মাত্র ১৫৬ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। ২১৯ রানের লক্ষ্যে নেমে ১ উইকেট হারিয়ে ৯৪
রান তুলে চতুর্থ দিনশেষ করেছিলেন লঙ্কানরা।
আজ শেষ দিনে প্রয়োজনীয় ১২৫ রান তোলার
পথে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়ে রান তাড়া অভিযাত্রার নেতৃত্ব দেন পাথুম নিশাঙ্কা। ১২৪
বলে ১২৭ রান করে অপরাজিত থাকেন তিনি। ওপেনার টেস্ট ক্যারিয়ারের প্রথম ও সব মিলিয়ে দ্বিতীয়
সেঞ্চুরির দিনে দেশকে জয়ও এনে দেন পাথুম। প্রথম ইনিংসে ৬৪ রান করা পাথুমই হয়েছেন ম্যাচের
সেরা খেলোয়াড়।
লঙ্কানদের মধ্যে সিরিজসেরা হয়েছেন কামিন্দু
মেন্ডিস। আর ইংলিশ সিরিজ ও গ্রীষ্মের সেরা খেলোয়াড় হয়েছেন জো রুট। পুরো সিরিজে ১টি
উইকেট নেওয়ার সঙ্গে ৩৭৫ রান করেন রুট। ব্রেন্ডন ম্যাককালামের অধীনে টেস্টে বাজবল ধারণা
শুরুর পর থেকে এটি ইংল্যান্ডের নবম হার। ২০২৩ সাল থেকে ঘরের মাঠে শেষ ৮ টেস্ট ধরে অপরাজিত
ছিল ইংলিশরা।