প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৩৩ পিএম
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৩৪ পিএম
২০২৪ জিম আফ্রো টি-টেনে ড্রাফটের আগেই দল পেয়ে যান রিশাদ হোসেন। এবারের টুর্নামেন্টে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে খেলতে যাচ্ছেন এনামুল হক বিজয়ও। জিম্বাবুয়ের টি-টেন টুর্নামেন্টের ড্রাফট থেকে নেওয়া হয়েছে বিজয়কে।
জিম আফ্রো টি-টেনের ড্রাফট হয়েছে রবিবার রাতে। বিজয়কে ড্রাফট থেকে নিয়েছে বুলাওয়ে ব্রেভস জাগুয়ার্স। এই দলের হয়ে আগেরবার আসর মাতিয়ে ছিলেন তাসকিন আহমেদ। রিশাদ এবার খেলবেন হারারে বোল্টসের হয়ে।
বুলাওয়ে ফ্র্যাঞ্চাইজিটি নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে ড্রাফট থেকে নেওয়া খেলোয়াড়দের তালিকা সকালে প্রকাশ করেছে। বিজয়ের পাশাপাশি বুলাওয়ে ব্রেভস ড্রাফটে তারকা ক্রিকেটার নিয়েছে জিম্বাবুয়ের রিচার্ড এনগ্রাভা, ওয়েলিংটন মাসাকাদজা, শ্রীলঙ্কার আকিলা ধনাঞ্জয়া, ইংল্যান্ডের লরি ইভান্সকে।
এবার দ্বিতীয় মৌসুমে জিম আফ্রো লিগে খেলবে ৬ দল। বুলাওয়ে ব্রেভস, হারারে বোল্টস, কেপ টাউন স্যাম্প আর্মি, ডারবান উলভস, জোবার্গ বাংলা টাইগার্স, নিউইয়র্ক স্ট্রাইকার্স লাগোস-এই ৬ ফ্র্যাঞ্চাইজি খেলবে টি-টেনে। জিম আফ্রো টি–১০ লিগের দ্বিতীয় মৌসুম শুরু হচ্ছে ২১ সেপ্টেম্বর। শেষ হবে ২৯ সেপ্টেম্বর।