প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৪ ১০:৫৪ এএম
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৪ ১০:৫৮ এএম
বছরের শেষ গ্র্যান্ড স্লাম। দর্শক ছিল ফাইনালিস্ট টেলর ফ্রিৎজের পক্ষে। ঘরের ছেলের জন্য গলা ফাটিয়েছে গ্যালারি। আখেরে লাভ হয়নি। বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম জিতে নিয়েছেন ইয়ানিক সিনারের। প্রথমটিও জিতেছিলেন তিনি। অস্ট্রেলিয়ান ওপেনের পর এই বছর ইউএস ওপেনও জিতলেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা সিনার।
রবিবার রাতে নামার আগেই সিনার জানতেন তার লড়াই শুধু ফ্রিৎজের বিপক্ষে নয়। দর্শকদের বিপক্ষেও। সেটাই হল। রবিবার ফ্রিৎজ যতবার পয়েন্ট পেয়েছেন, তত বার শব্দব্রহ্ম তৈরি হয়েছে আর্থার অ্যাশ স্টেডিয়ামে। সেই শব্দ থেমে যাচ্ছিল সিনার পয়েন্ট পেতেই। কখনও কখনও চিৎকার শুনে মনে হচ্ছিল ম্যাচটা বোধ হয় ফ্রিৎজ জিতছেন।
কিন্তু স্কোরবোর্ড সেটা বলছিল না। ফ্রিৎজ হয়তো লড়াই করেছেন, কিন্তু সেটা সেট জেতার জন্য যথেষ্ট ছিল না। স্ট্রেট সেটে ম্যাচ জিতে নেন সিনার। ডোপ বিতর্ক পার করে সিনার ইউএস ওপেনের ফাইনালে জেতেন ৬-৩, ৬-৪, ৭-৫ গেমে।
তাতেই ইতিহাস গড়েন সিনার। প্রথম ইটালীয় হিসাবে ইউএস ওপেন জিতলেন তিনি। ২৩ বছরের সিনার ক্রমতালিকায় বিশ্বের এক নম্বর। কিন্তু তার গ্র্যান্ড স্ল্যাম সংখ্যা মাত্র দুই। এই বছর অস্ট্রেলিয়ান ওপেন জিতেছিলেন তিনি। বছরের শুরু এবং শেষটা ভালো হলো তার। হার্ড কোর্টের দু’টি গ্র্যান্ড স্ল্যামই জিতে নিলেন তিনি।