প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৪৯ পিএম
আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৪ ১৮:১৪ পিএম
গত মাসে পাকিস্তান সফরে গিয়েছিল বাংলাদেশ পুরুষ 'এ' দল। সেই সফরে চার দিনের ম্যাচ ও ওয়ানডে সিরিজে বড় বাধা হয়েছিল বৃষ্টি। এবার বাংলাদেশ নারী 'এ' দলের শ্রীলঙ্কা সফরেও হানা দিয়েছে বৃষ্টি। শ্রীলঙ্কা নারী 'এ' দলের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ বেরসিক বৃষ্টিতে ভেসে গেছে।
রবিবার (৮ সেপ্টেম্বর) কলম্বোর পানাগোডার আর্মি গ্রাউন্ডে সকাল সাড়ে ১০টায় মাঠে গড়ানোর কথা ছিল সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ। তবে টানা বৃষ্টি হওয়ার কারণে দুপুরের পর ম্যাচটি পরিত্যাক্ত ঘোষণা করা হয়েছে। সিরিজের দ্বিতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি আগামী মঙ্গলবার কলম্বোর থ্রুস্টানে অনুষ্ঠিত হবে।
ওয়ানডে সিরিজ শেষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে দুই দল। ১২ ও ১৩ সেপ্টেম্বর প্রথম দুই টি-টোয়েন্টি ম্যাচের ভেন্যু পি সারা ওভাল। ১৫ সেপ্টেম্বর তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটি হবে সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে। ১৭ সেপ্টেম্বর চতুর্থ ম্যাচ থ্রুস্টান এবং ১৯ সেপ্টেম্বর সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচটি কল্টসে।
এদিকে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশে আয়োজনের কথা ছিল। কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের পর নিরাপত্তার শঙ্কায় কুড়ি কুড়ির বিশ্বকাপ সরিয়ে নেওয়া হয়েছে সংযুক্ত আরব আমিরাতে। নিজেদের কন্ডিশনে বিশ্বকাপ হবে ভেবে নিয়েই প্রস্তুতি নিচ্ছিলেন বাংলাদেশের মেয়েরা।
কিন্তু হুট করে বিশ্বকাপ আরব আমিরাতে সরে যাওয়ায় বিপাকে পড়ে যায় বিসিবি। কারণ আসন্ন বিশ্বকাপের আগে টাইগ্রেসদের কোনো সিরিজও ছিল না। সর্বশেষ তারা ম্যাচ খেলেছে গত জুলাইয়ে এশিয়া কাপে। মাঝে আড়াই মাসের বিরতিতে ক্রিকেটাররা ঘরোয়া ক্রিকেটেই সময় কাটিয়েছেন। তাই ‘এ’ দলের মোড়কে জাতীয় দলের বেশিরভাগ ক্রিকেটারকে নিয়েই স্কোয়াড করা হয়েছে।