× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হাথুরু-সাকিবকে নিয়ে মুখ খুললেন নাজমুল আবেদীন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৪ ২০:৩৫ পিএম

হাথুরু-সাকিবকে নিয়ে মুখ খুললেন নাজমুল আবেদীন

বাংলাদেশ ক্রিকেটে এমন সুদিন কমই ধরা দিয়েছে। সদ্য শেষ হওয়া পাকিস্তান সফরে অনন্য কীর্তি গড়েছেন নাজমুল হাসান শান্ত ব্রিগেড। শান মাসুদদের বিপক্ষে টেস্ট জয়ের স্বাদ তো বটে, স্বাগতিকদের রীতিমতো হোয়াইটওয়াশের লজ্জায় ডুবিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। এমন ফুরফুরে মেজাজ নিয়েই ভারত সফর করবে বাংলাদেশ। প্রতিবেশী দেশটির বিপক্ষে দুটি টেস্ট এবং তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা।

বাংলাদেশের আসন্ন সফরের আগে বেশ কিছু বিষয় নিয়ে ধূম্রজাল তৈরি হয়েছে। সফরে সাকিব আল হাসানের উপস্থিতি, চন্ডিকা হাথুরুসিংহের থাকা না-থাকা ও বাংলাদেশ-ভারত ম্যাচে হামলার হুমকিÑ এই ইস্যুগুলো বেশ চর্চা হচ্ছে চায়ের টেবিলে। অবশ্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড এসবের সুষ্ঠু ব্যাখ্যা দিয়েছে। শনিবার হোম অব ক্রিকেট মিরপুর শেরেবাংলায় গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবির পরিচালক নাজমুল আবেদীন ফাহিম। এ সময় ভারত সফরে দলের সঙ্গে সাবেক সাকিবের যোগ দেওয়া নিয়ে তিনি বলেন, ‘সাকিব ইংল্যান্ড থেকে ভারতে আসবে। আপাতত এটুকুই জানি। এটুকুর মধ্যেই থাকতে চাই।’

আগামী ১৫ সেপ্টেম্বর ভারত সফরে যাবে বাংলাদেশ। ১৯ সেপ্টেম্বর শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। আর সাকিব এই মুহূর্তে অবস্থান করছেন ইংল্যান্ডে। দেশটির ঘরোয়া লিগ কাউন্টিতে সারের হয়ে চার ম্যাচের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। তবে ভারত সিরিজের জন্য সারের হয়ে এক ম্যাচের বেশি খেলতে পারবেন না সাকিব। তা ছাড়া ভারত সফর শেষে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে বাংলাদেশ। দেশের মাটিতে দলের সঙ্গে থাকবেন কিনা কিংবা ভারত সফরের জন্য দেশসেরা অলরাউন্ডার প্রস্তুত কিনাÑ এ প্রসঙ্গে নাজমুল আবেদীন বলেন, ‘সে (সাকিব) কাউন্টি খেলতে গেছে। সেখান থেকে দলের সঙ্গে যোগ দেবে। এ ছাড়া পুরো টিমই এভেইলেবল থাকবে। আবহাওয়াটা কিছুটা বিঘ্ন ঘটাতে পারে। চেষ্টা করব কীভাবে ঠিকঠাক করা যায় (ক্যাম্প)।’

একই দিনে টাইগার কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে নিয়েও কথা বলেন বিসিবির পরিচালক। বিসিবিতে পরিচালনা পর্ষদে পরিবর্তনের ফলে চাকরি নিয়ে অনিশ্চয়তার মধ্যে পড়েন শ্রীলঙ্কান কোচ। কিন্তু পাকিস্তান সফরে বাংলাদেশ দল দারুণ পারফর্ম করাতে অনেকেই বলছেন এ যাত্রায় বেঁচে যাবেন হাথুরুসিংহে। নাজমুল আবেদীনও বলছেন সে কথাই। তিনি বলেন, ‘হেড কোচ আসবেন। এখানেই (বাংলাদেশে) আসবেন।’ 

সাংবাদিকদের প্রশ্ন ছিল বাংলাদেশ-ভারত সিরিজে ভারতের হিন্দু জাতীয়তাবাদী রাজনৈতিক দল ‘অখিল ভারত হিন্দু মহাসভা’র হামলার হুমকির বিষয়টিও। দ্বিতীয় টেস্টের ভেন্যু কানপুরে হামলার হুমকি দেওয়া হয়েছিল রাজনৈতিক দলটি। ফাহিম অবশ্য জানিয়েছেন, বিসিবি হামলার হুমকি নিয়ে ভাবছে না। গণমাধ্যমকে তিনি বলেন, ‘এই রকম হুমকি তো থাকেই। সব দেশের খেলার জন্যই এমন কিছু না কিছু থাকে। আমার মনে হয় না এটা বড় কোনো ব্যাপার। আমাদের ট্যুর নিয়ে যেভাবে সূচি দেওয়া আছে আমরা সেভাবেই যাব। দলে কোনো ইনজুরির সমস্যা নেই। দুই-তিন দিনের মধ্যেই আমাদের ভারত সফরের দল দিয়ে দেওয়া হবে।’

সম্প্রতি ভারতীয় গণমাধ্যম এবিপি লাইভ জানিয়েছে, কানপুরে অনুষ্ঠেয় দ্বিতীয় টেস্টে সফরকারী দলের ওপর হামলার হুমকি দিয়েছে হিন্দু মহাসভা। হিন্দু মহাসভার সহ-সভাপতি ডা. জয়বীর ভরদ্বাজ সাংবাদিকদের জানিয়েছেন, তারা এই ম্যাচ বাতিলের সব রকমের চেষ্টা করবে। শেষ পর্যন্ত এ ম্যাচের আয়োজন করলে এতে হামলারও হুমকি দিয়েছে। তবে আপাতত এসব নিয়ে ভাবছে না বাংলাদেশ ক্রিকেট দল। বিসিবি পরিচালকের কথায় অন্তত সেটিই স্পষ্ট। বিসিবি ও টিম টাইগার্সের চাওয়া পাকিস্তানের পারফর্ম ভারত সিরিজে প্রতিফলন ঘটানো। এর আগে টাইগার অধিনায়ক শান্ত সেটিই জানিয়েছেন একাধিকবার। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা