প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৪ ২০:০৮ পিএম
আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৪ ২০:৩৭ পিএম
সিরিজের প্রথম ম্যাচে রেকর্ড গড়ে জিতেছিল অস্ট্রেলিয়া। স্কটল্যান্ডের দেওয়া ১৫৫ রানের লক্ষ্য ৩ উইকেট হারিয়ে মাত্র ৯.৪ ওভারেই তাড়া করে ফেলেছিল তারা। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৫০ রানের বেশি লক্ষ্য তাড়া করতে নেমে সবচেয়ে বেশি বল বাকি রেখে জয়ের রেকর্ড ছিল সেটাই। সিরিজের দ্বিতীয় ম্যাচে ব্যক্তিগত রেকর্ড গড়েছেন অস্ট্রেলিয়ার উইকেটকিপার ব্যাটসম্যান জশ ইংলিস। অস্ট্রেলিয়ার হয়ে দ্রুততম টি-টোয়েন্টি সেঞ্চুরির রেকর্ড গড়েছেন তিনি। তার রেকর্ডময় সেঞ্চুরির দিনে স্কটল্যান্ডকে ৭০ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া।
গতকাল শুক্রবার (৬ সেপ্টেম্বর) এডিনবরার গ্রেঞ্জ ক্রিকেট ক্লাব মাঠে সিরিজের দ্বিতীয় ম্যাচে টসে হেরে আগে ব্যাট করা অস্ট্রেলিয়া তোলে ৪ উইকেটে ১৯৬ রান। জবাবে স্কটল্যান্ড ১৬.৪ ওভারে ১২৬ রানে গুঁটিয়ে গেছে। এই জয়ে ৩ ম্যাচের সিরিজ ২-০–তে জিতে নিল মিচেল মার্শের দল।
টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে ২৩ রানের মধ্যেই অস্ট্রেলিয়ার দুই ওপেনার বিদায় নেন। গত ম্যাচে ঝড় তোলা ট্রাভিস হেড আউট হন প্রথম বলেই। সুবিধা করতে পারেননি আরেক ওপেনার জ্যাক ফ্রেজার-ম্যাকগার্কও। দুই ওপেনারের বিদায়ের পর ক্যামেরন গ্রিনকে সঙ্গে নিয়ে ৯২ রানের জুটি গড়েন ইংলিস।
ফিফটি পান মাত্র ২০ বলে। ৭ ছক্কা ও ৭ চারে শেষ পর্যন্ত ৪৯ বলে ১০৩ রানের ইনিংস খেলেন ইংলিস। এটি তাঁর ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। ইংলিসের ৪৩ বলের শতক দেশের হয়ে এই সংস্করণে দ্রুততম।
এর আগে অস্ট্রেলিয়ার হয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ছিল অ্যারন ফিঞ্চের, ৪৭ বলে। ২০১৩ সালে ইংল্যান্ডের বিপক্ষে করেছিলেন ফিঞ্চ। টি-টোয়েন্টিতে ইংলিসের প্রথম সেঞ্চুরিও এসেছে ৪৭ বলে। গ্লেন ম্যাক্সওয়েলেরও ৪৭ বলে সেঞ্চুরি আছে।
১৯৬ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই ভুগেছে স্কটল্যান্ড। ব্রেন্ডন ম্যাকমুলেন ছাড়া আর কেউ ২০ রানের বেশি করতে পারেননি। ৪২ বলে ৫৯ রান করেন ম্যাকমুলেন। দলের দ্বিতীয় সর্বোচ্চ ১৯ রান করেছেন জর্জ মানসি। অস্ট্রেলিয়ার মার্কাস স্টয়নিস নিয়েছেন ৪ উইকেট।