প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৪ ১৭:১৮ পিএম
আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৫৫ পিএম
বাংলাদেশের একসময় তারকা ক্রিকেটার ছিলেন, অধিনায়কত্বও করেছেন তামিম ইকবাল। তবে বাঁহাতি এই ব্যাটার ফিটনেস ইস্যুতে অনেক দিন ধরেই জাতীয় দলের বাইরে রয়েছেন। ড্যাশিং এই ওপেনারকে আসন্ন ভারত সফরে দেখা যেতে পারে। তবে সেটা ক্রিকেটার হিসেবে নয়, ধারাভাষ্যকার হিসেবে।
ক্রিকেট ছাড়ার পর ধারাভাষ্যে যোগ দেওয়ার
ইচ্ছের কথা আগেও জানিয়েছিলেন তামিম। এখন সেটিই আছে বাস্তব হওয়ার পথে। ভারত সিরিজে ধারাভাষ্যকার
হিসেবে কাজ করতে তামিমের আলোচনা চলছে সম্প্রচারকারী চ্যানেল স্টার স্পোর্টসের সঙ্গে।
যদিও এখনও কিছু চূড়ান্ত হয়নি।
গত বছরের সেপ্টেম্বরে জাতীয় দলের হয়ে সর্বশেষ খেলেছেন তামিম। সর্বশেষ টেস্ট খেলেছেন তারও আগে, গত বছরের এপ্রিলে মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে। আর টি-টোয়েন্টি ক্রিকেট থেকে তো ২০২০ সালের মার্চের পর অবসরই নিয়ে নিয়েছেন ড্যাশিং এই ওপেনার।
এরপর গত বছরের ডিসেম্বরে তামিমের আন্তর্জাতিক ধারাভাষ্যে অভিষেক হয়েছে। এর আগে ২০২২ সালের বিপিএলে প্রথমবারের মতো ধারাভাষ্যে এসেছিলেন তিনি। তবে তখন তিনি ছিলেন অতিথি ধারাভাষ্যকার। এবার তামিমকে দেখা যেতে পারে মূল ভূমিকায়।
সবকিছু ঠিক থাকলে এবারই প্রথম দেশের বাইরে কোনো আন্তর্জাতিক ম্যাচে ধারাভাষ্য দিতে দেখা যাবে বাংলাদেশের এই ওপেনারকে। দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলতে এই মাসেই ভারত সফর করবে নাজমুল হোসেন শান্তর দল। আগামী ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে শুরু হবে প্রথম টেস্ট। এরপর ২৭ সেপ্টেম্বর কানপুরে মাঠে গড়াবে দ্বিতীয় ও শেষ টেস্ট। টেস্টের সিরিজ শেষে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচ তিনটি হবে আগামী ৬, ৯ ও ১২ অক্টোবর।