প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৪৯ পিএম
আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৪৫ পিএম
ঘরের মাঠে পরের দাপটে বিরক্ত রদ্রিগো। সংগৃহীত ছবি
সর্বশেষ পাঁচ ম্যাচে জয় নেই ব্রাজিলের। কোপা আমেরিকা অধ্যায়টাও ভালো কাটেনি সেলেসাওদের। কোয়ার্টার ফাইনাল থেকেই নিতে হয়েছে বিদায়। অবশেষে স্বস্তির খবর জুটেছে ব্রাজিলের সমর্থকদের। ইকুয়েডরের বিপক্ষে গোল করে দলকে জিতিয়েছেন রদ্রিগো। তবে জিততে ঘাম ঝরাতে হয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। ব্রাজিলের ওপর বেশ দাপট দেখিয়েছে ইকুয়েডর। ঘরের মাঠে এভাবে ‘পরের’ দাপট মেনে নিতে পারছেন না জয়ের নায়ক রদ্রিগো।

বাংলাদেশ সময় শনিবার সকালে খেলার ৩০তম মিনিটে জালের দেখা পান রদ্রিগো। লুকাস পাকেতা বল পেয়ে পাস বাড়ান রদ্রিগোকে। বল নিয়েই উল্টো দিকে ঘুরে ইকুয়েডরের এক ডিফেন্ডারকে কাটিয়ে শট নিলে জালের দেখা পান রিয়াল মাদ্রিদের এ ফরোয়ার্ড। জয়ের পর ব্রাজিলের সংবাদমাধ্যমকে রদ্রিগো বলেছেন, ‘এ জয়টা আমাদের প্রয়োজনও ছিল। আমরা ভালো না খারাপ খেলেছি, তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো গোল করা। জানতাম, ম্যাচটি কঠিন হবে।’

এদিন অবশ্য ব্রাজিলকে বেশ কয়েকবার কাঁপিয়ে দিয়েছে ইকুয়েডরের ফরোয়ার্ডরা। তারা ভাগ্যকে পাশে পেলে ম্যাচের রঙ বদলে জেতেও পারত। সে কারণে রদ্রিগো মনে করেন ব্রাজিলের আরও উন্নতি করার জায়গা আছে। ঘরের মাঠে সফরকারীদের দাপট মেনে নিতে পারছেন না রদ্রিগো, ‘জয় পেয়ে আমি খুশি। জাতীয় দলের হয়ে আরও ১টি গোল পেলাম। এখান থেকে আমরা শুধু ভালোই করব। ইকুয়েডর ম্যাচে বিভিন্ন সময়ে দাপট দেখিয়েছে। এটা হতে পারে না, বিশেষ করে আমাদের ঘরের মাঠে। আমরা উন্নতি করব এবং পরের ম্যাচটি জিতব।’