বিশ্বকাপ বাছাই
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৪ ১০:৪১ এএম
আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৪ ১০:৫৭ এএম
রদ্রিগোর গোলে ব্রাজিলের জয়
সর্বশেষ পাঁচ ম্যাচে কেবল এক জয়। আর বিশ্বকাপ বাছাইয়ের সর্বশেষ চার ম্যাচেই নেই জয়ের দেখা। কোপা আমেরিকার আসরেও চার ম্যাচে জয় ছিল কেবল একটি। আন্তর্জাতিক ফুটবলে কঠিন সময়ই পার করছে ব্রাজিল। বিশ্বকাপ বাছাইয়ের অবশ্যম্ভাবী জয়ের ম্যাচে সামনে এগিয়ে এলেন রদ্রিগো। তরুণ এ ফরোয়ার্ডের নৈপুণ্যে জয়ে ফিরল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
বাংলাদেশ সময় শনিবার সকালে ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ইকুয়েডরকে ১-০ ব্যবধানে হারিয়েছে ব্রাজিল। বল দখল, গোলের সুযোগ তৈরি ও লক্ষ্যে শটের বিবেচনায় এগিয়ে ছিল ব্রাজিলই। তবে প্রথমার্ধের শেষ সময়ে ইকুয়েডরের মোইসেস কাইসেদোর শট ডিফেন্ডার গাব্রিয়েল মাগালিয়াইস গোললাইন থেকে ফিরিয়ে না দিতে পারলে খেলার চিত্রটা ভিন্ন হতে পারত।
এদিন ঘরের মাঠে তৃতীয় মিনিটে প্রথম সুযোগ পায় ব্রাজিল। রদ্রিগোর ফ্রি কিকে পেনাল্টি স্পটের কাছ থেকে হেড লক্ষ্যে রাখতে পারেননি লুইস এইহিক। ক্রসবার ঘেঁষে বেরিয়ে যায় বল। ৯ মিনিট পর ডি-বক্সের বাইরে থেকে রদ্রিগোর শট ফেরান ইকুয়েডরের গোলরক্ষক হেরমান গালিনদেস। ৩০ মিনিটে আর রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ডকে ঠেকাতে পারেননি তিনি। লুকাস পাকেতার কাছ থেকে বল পেয়ে চমৎকার ফিনিশিংয়ে জাল খুঁজে নেন রদ্রিগো।

৩৬ মিনিটে একটুর জন্য দ্বিগুণ হয়নি ব্যবধান। ডি-বক্সের বাইরের থেকে ভিনিসিয়ুস জুনিয়রের চিপ অল্পের জন্য নাগালে পাননি ছুটে যাওয়া রদ্রিগো। বলও বেরিয়ে যায় পোস্ট ঘেঁষে! প্রথমার্ধের যোগ করা সময়ের চতুর্থ মিনিটে সমতা প্রায় ফিরিয়েই এনেছিল ইকুয়েডর। ব্রাজিলের তিন খেলোয়াড়ের ঘের থেকে বল পায়ে বেরিয়ে যান কেভিন রদ্রিগেস। অনেকটা এগিয়ে গিয়ে ডি-বক্সের মাথায় তিনি খুঁজে নেন কাইসেদোকে। চেলসি মিডফিল্ডারের প্রথম শট ফেরান ব্রাজিল গোলরক্ষক আলিসন। ফিরতি শট গোললাইন থেকে ফিরিয়ে দেন গাব্রিয়েল মাগালিয়াইস।
দ্বিতীয়ার্ধে আক্রমণ-পাল্টা আক্রমণে দারুণ জমে ওঠে ম্যাচ। তবে নিশ্চিত সুযোগ তৈরি করতে পারছিল না কোনো দলই। ৬৫ মিনিটে গতি ও পায়ের কারিকুরিতে ঝলক দেখান ভিনিসিয়ুস। তবে তার শট সহজেই ঠেকান ইকুয়েডরের গোলরক্ষক। ৮ মিনিট পর আবার সুযোগ পান রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড। গালিনদেসের চ্যালেঞ্জের মুখে এবার শট রাখতে পারেননি লক্ষ্যে। ম্যাচের যোগ করা সময়ে বিপজ্জনক জায়গায় ফ্রি কিক পেয়েছিল ইকুয়েডর। কিন্তু সুযোগ কাজে লাগাতে পারেনি তারা।
এ নিয়ে সাত ম্যাচে তৃতীয় এ জয়ে ব্রাজিলের পয়েন্ট হলো ১০। পয়েন্ট তালিকার ৪ নম্বরে উঠে এলো পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। সমান ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ৬-এ নেমে গেল ইকুয়েডর। ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের চূড়ায় আছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।