প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৪ ২০:২৭ পিএম
স্ট্রেচার নিয়ে আসা ব্যক্তি হঠাৎই অসুস্থ হয়ে পড়েন মাঠে, পরে তাকে প্রাথমিক শ্রুশষা দেন সুফিয়ান— সংগৃহীত ছবি
ভুটানের বিপক্ষে তখন প্রথমার্ধের অতিরিক্ত সময়ের খেলা চলছে। হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রাকিব হোসেন। বাংলাদেশের ফরোয়ার্ডের হেটে মাঠের বাইরে যাওয়ার অবস্থায় না থাকায় ডাক পড়ে স্ট্রেচারের। কিন্তু স্ট্রেচারে শুয়ে নয়, হেঁটেই মাঠের বাইরে গিয়েছিলেন রাকিব। স্ট্রেচার নিয়ে আসা একজন অসুস্থ হয়ে পড়েন। অবস্থা বেগতিক দেখে মাঠে ছুটে যান বাংলাদেশ দলের ফিজিও আবু সুফিয়ান সরকার। প্রাথমিক চিকিৎসায় প্রাণ বাঁচান।
ফিফা প্রীতি ম্যাচে থিম্পুর চ্যাংলিমিথাং স্টেডিয়ামে জ্ঞান হারানোর উপক্রম ওই ব্যক্তিকে বাঁচিয়ে তুলে প্রশংসিত হচ্ছেন ফিজিও সুফিয়ান। হঠাৎ করে অসাড় হয়ে পড়া এসব রোগীর হার্ট কন্ডিশন খারাপ হয়ে যায় এবং কয়েক সেকেন্ডে মৃত্যুও হতে পারে। এদিন ওই ব্যক্তিকে ১০ থেকে ১৫ মিনিটের মতো সিপিআর দিয়ে সেই যাত্রায় কোনোমতে তার জ্ঞান ফেরে। অচেতন অবস্থায় থাকা সেই ব্যক্তিকে পরবর্তীতে অ্যাম্বুলেন্স করে স্টেডিয়াম ত্যাগ করা হয়।
বাংলাদেশ দলের মিডিয়া ম্যানেজার খালিদ মাহমুদ নওমী রাকিব ওই ব্যক্তির সর্বশেষ অবস্থা সম্পর্কে বলেন, ‘ওইদিন মাঠে রাকিবকে সহায়তা করতে যাওয়া ভুটানের একাডেমীর ব্যক্তি এখন হাসপাতালে আছেন। যতটুকু শুনেছি এখনো জীবিত ও জ্ঞান রয়েছে। আপাতত সেই স্ট্রেচারবয় নিবিড় পরিচর্যা কেন্দ্রে আছেন।’