প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৫৭ পিএম
২০২৪ সালে দক্ষিণ আফ্রিকার বর্ষসেরা
ক্রিকেটার নির্বাচিত হয়েছেন পেস অলরাউন্ডার মার্কো ইয়ানসেন। মেয়েদের বিভাগে এই খেতাব
জিতেছেন নারী দলের অধিনায়ক লরা উলভার্ট। সব মিলিয়ে উলভার্ট একাই জিতেছেন পাঁচটি পুরস্কার।
গতকাল বৃহস্পতিবার বিভিন্ন বিভাগে বছরের
সেরা ক্রিকেটারদের হাতে পুরস্কার তুলে দেয় ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)। পুরস্কারের
বিবেচনার ক্ষেত্রে ২০২৩ সালের ১ মে থেকে ২০২৪ সালের ৩০ এপ্রিল সময়ের পারফরম্যান্স বিবেচনায়
নেওয়া হয়েছে।
চলতি বছরের জুনে ছেলেদের টি-টোয়েন্টি
বিশ্বকাপ এবং ওয়েস্ট ইন্ডিজে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজের পারফরম্যান্স পরের বছরের
জন্য বিবেচনা করা হবে। বিবেচনাধীন সময়ে দক্ষিণ আফ্রিকা মাত্র চারটি টেস্ট খেলেছে।
যার মধ্যে দুটি ভারতের বিপক্ষে এবং দুটি নিউজিল্যান্ডের বিপক্ষে।
বর্ষসেরা পুরুষ প্লেয়ারের পুরস্কার
জেতা মার্কো ইয়ানসেন ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে ১৭ উইকেট শিকার করেন। ব্যাটিং দিয়েও দলে
অবদান রেখেছেন প্রয়োজনের সময়। বিবেচিত সময়ে তিন সংস্করণ মিলিয়ে ১৮ ম্যাচে ৩২ উইকেট
নিয়েছেন ইয়ানসেন। রান করেছেন ৩৩.৮৩ গড়ে ৪০৬।
২০২৩-২৪ মৌসুমে দারুণ ফর্মে ছিলেন উলভার্ট।
ওয়ানডে এবং টি-টোয়েন্টি দক্ষিণ আফ্রিকার হয়ে এই সময়ে সর্বোচ্চ রান তারই। অধিনায়কত্বও
করেছেন দাপটের সাথে। সতীর্থ এবং সমর্থকদের মাঝে তার জনপ্রিয়তাও ছিল তুঙ্গে। যার ফলে
নারী প্লেয়ারদের বাছাই করা বর্ষসেরা প্লেয়ার, সমর্থকদের বাছাই করা বর্ষসেরা প্লেয়ারের
পাশাপাশি বর্ষসেরা ওয়ানডে নারী প্লেয়ার এবং বর্ষসেরা টি-টোয়েন্টি নারী প্লেয়ারের পুরস্কারও
জিতে নিয়েছেন উলভার্ট।
পুরস্কারের জন্য বিবেচিত সময়ে ১১ টি-টোয়েন্টি
ইনিংসে ১ সেঞ্চুরি ও ৪ ফিফটিতে উলভার্ট ৫৩০ রান করেছেন ৫৮.৮৮ গড় ও ১২৪.৪১ স্ট্রাইক
রেটে। ওয়ানডেতে ১৫ ইনিংসে ৪ সেঞ্চুরিতে ৭৫৫ রান করেছেন ৬২.৯১ গড়ে। কোনো সংস্করণেই তার
ধারেকাছে ছিলেন না কেউ।
বাকি পুরস্কারগুলোর মধ্যে বর্ষসেরা টেস্ট প্লেয়ারের খেতাব জিতেছেন ডেভিড বেডিংহ্যাম। নিউজিল্যান্ড সফরে খর্বশক্তির দলের হয়ে দুই টেস্টে ৮৭ ও ১১০ রানের ইনিংস খেলেন তিনি। ছেলেদের সেরা নবাগত ক্রিকেটারও হয়েছেন তিনি। মেয়েদের সেরা নবাগত ২১ বছর বয়সী পেস বোলিং অলরাউন্ডার এলিজ-মারি মার্ক্স।
ওয়ানডেতে বর্ষসেরা প্লেয়ার হয়েছেন কুইন্টন
ডি কক, যিনি ওয়ানডে থেকে অবসরে চলে গেছেন। গত ওয়ানডে বিশ্বকাপে চারটি সেঞ্চুরি করেছিলেন
এই কিপার-ব্যাটসম্যান। গেল বছরে দলের সর্বোচ্চ ৮০৪ রান করেছেন ৫৩.৬৬ গড়ে। বর্ষসেরা
টি-টোয়েন্টি খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন রিজা হেন্ড্রিক্স। এই সময়ে পাঁচটি টি-টোয়েন্টি
খেলে ১২৯.৫০ স্ট্রাইক রেটে ১৫৮ রান করেছেন এই ওপেনার।
পুরুষ প্লেয়ারদের বর্ষসেরা প্লেয়ারের খেতাব জিতেছেন কেশভ মহারাজ। বিবেচিত সময়ে সব মিলিয়ে ২০ ম্যাচে ২৮ উইকেট নিয়েছেন এই বাঁহাতি স্পিনার। এছাড়া মাখায়া এনটিনি পাওয়ার অব ক্রিকেট এওয়ার্ড জিতেছেন মাসাবাতা ক্লাস। বাংলাদেশের সাবেক কোচ রাসেল ডোমিঙ্গো জিতেছেন ঘরোয়া ক্রিকেটে পুরুষদের ডিভিশন ওয়ান বর্ষসেরা কোচের পুরস্কার।