প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৪ ২১:৪১ পিএম
শেষ চারে মুখোমুখি আরিনা সাবালেনকা ও এমা নাভারো
বছরের শেষ গ্র্যান্ড স্লামে দুর্দান্ত খেলে যাচ্ছেন। ছন্দটা ধরে রেখে প্রতিদ্বন্দ্বীদের সতর্ক বার্তাই যেন দিয়ে রাখলেন। আরিনা সাবালেনকা যেন বলে রাখলেন, সামনে পড়লে আর রক্ষে নেই। প্রতিপক্ষ যেই হোক না কেন? তাকে গুঁড়িয়ে সামনে এগিয়ে যেতে দৃঢ় প্রত্যয়ী বেলারুশের এ সুপারস্টার। বিশ্ব টেনিস র্যাঙ্কিংয়ের দ্বিতীয় সেরা এ তারকা যেমনটা দুর্বার পারফরম্যান্স দেখালেন কোয়ার্টার ফাইনালে। শেষ আটে তো রীতিমতো কোর্টের ‘শত্রু’ ঝেং কুইওয়েনকে বিধ্বস্ত করে নাম লিখেছেন ইউএস ওপেনের সেমিফাইনালে। এবার ফাইনালে ওঠার লড়াইয়ে সাবালেনকার প্রতিপক্ষ আর কেউ নন- এমা নাভারো।
নিউইয়র্কের কোর্টে সাবালেনকার হাতের র্যাকেট যেন রূপ নিয়েছিল খোলা তলোয়ারের। তাতেই চীনা প্রতিদ্বন্দ্বীর হাতের র্যাকেট ছুঁয়ে আসা প্রতিটি বল যেন কচুকাটা করে ছেড়েছেন। তাই তো ফ্লাশিং মিডোসে পাত্তাই পাননি কুইনওয়েন। প্রথম সেটে উড়ে যান ৬-১ গেমে। দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেও পারেননি। দুর্দান্ত প্রতাপ বিস্তার করে যাওয়া সাবালেনকা এ সেটের সঙ্গে ম্যাচই নিজের করে নেন ৬-২ গেমে জিতে। অলিম্পিক চ্যাম্পিয়ন ও টুর্নামেন্টের সপ্তম বাছাই কুইনওয়েনের পক্ষে যেন কিছু করার ছিল না। কোনো ধরনের প্রতিরোধই গড়তে পারেননি। এই সুযোগে চীনের প্রতিপক্ষের ওপর যেন ‘বুলডোজার’ চালিয়ে সাবালেনকা পিষ্ট করে ছেড়েছেন কোর্টের লড়াইয়ে।
এ দিকে নিজের দেশের কোর্টে দারুণ খেলেছেন নাভারো। টানা দুই সেট জিতেই শেষ চারের টিকিট কেটেছেন এ মার্কিন সুন্দরী। প্রথম সেট হেসেখেলেই জিতে যান ৬-২ গেমে। কিন্তু পরের সেটে গিয়েই ৫-১ গেমে পিছিয়ে পড়েছিলেন। স্বদেশি দর্শকদের স্লোগানে প্রকম্পিত স্টেডিয়ামে উজ্জীবিত নাভারো সাফল্যের গল্প লেখেন ৭-৫ গেমে।
সাবালেনকা গত আসরেও ফাইনালে পৌঁছে ছিলেন। কিন্তু শিরোপা ভাগ্যটা তার সহায় হয়নি। মার্কিন তারকা কোকো গাউফের কাছে হার মানেন শিরোপা নির্ধারণী ম্যাচে। এবার সেমিতে উঠে সাবালেনকা দেখছেন আরও একটি মেজর ট্রফি জয়ের স্বপ্ন। নিজের ঘরের সাফল্যের শোকেসের সমৃদ্ধিটা আর একটু বাড়িয়ে নিতে চান। যেভাবে আগে থেকে আলো ছড়িয়ে যাচ্ছে দুটি অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা।
শেষ চারে সাবালেনকা-নাভারোর লড়াই বেশ জমে উঠবে। আগের পরিসংখ্যান তো সেটাই বলছে। গত জুনে ফরাসি ওপেনের চতুর্থ রাউন্ডে নাভারোকে পরাজিত করেছিলেন সাবালেনকা। সেই লড়াইয়ে সাবেক এ নাম্বার ওয়ান হেরেছিলেন মাত্র পাঁচটি গেম। তবে চলতি বছরের ইন্ডিয়ান ওয়েলসসে বিজয়ের কেতন ওড়ান অবশ্য নাভারো। উচ্ছ্বাসে মাতেন হার্ড-কোর্টের ম্যাচটি জিতে।
সাবালেনকা মজার ছলেই পানীয় দিয়ে সাপোর্টারদের কিনে নেওয়ার অফার ছুড়ে দিয়েছেন। শুক্রবার নাভারোর বিপক্ষে ম্যাচের আগে তিনি হাসতে হাসতে বলেন, ‘ঠিক আছে বন্ধুরা, আমার তরফ থেকে পানীয় থাকবে। অনুগ্রহ করে আগামী ম্যাচে আমাকে সমর্থন করুন।’ রসিকতা করলেও প্রতিপক্ষকে হালকাভাবে নিচ্ছেন না সাবালেনকা, ‘সত্যি দুর্দান্ত একজন খেলোয়াড় সে (নাভারো)। আমরা দুটি ম্যাচ খেলেছি। আমরা দুজনে কাছাকাছি মানের।’