× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাকিস্তানের সাবেকদের কাঠগড়ায় মাসুদ-বাবররা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৯ পিএম

পাকিস্তানের সাবেকদের কাঠগড়ায় মাসুদ-বাবররা

বাংলাদেশের বিপক্ষে প্রথমবার টেস্ট সিরিজ হার। পাকিস্তান দুই ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ, সেটিও আবার ঘরের মাঠে। রাওয়ালপিন্ডিতে সফরকারীদের বিপক্ষে কোনো প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেনি শান মাসুদের দল। টাইগারদের বিপক্ষে এমন সিরিজ হার কোনোভাবেই মেনে নিতে পারছেন না পাকিস্তানিরা। এমন অবস্থায় রীতিমতো সমালোচনায় মেতেছেন দেশটির সাবেকরা।

পাকিস্তানের সাবেক অধিনায়ক জাভেদ মিয়াঁদাদ দলের এমন হারকে বাজে লক্ষণ হিসেবে দেখছেন। এই কিংবদন্তি ব্যাটার পিটিআইকে বলেছেন, ‘এটা কষ্টের যে, আমাদের ক্রিকেট এই পর্যায়ে এসেছে। বাংলাদেশকে কৃতিত্ব দিতেই হবে তাদের গোছানো পারফরম্যান্সের জন্য। কিন্তু এই সিরিজে যেভাবে আমাদের ব্যাটিং ভেঙে পড়েছে, তা খুব বাজে লক্ষণ।’

পিসিবি প্রধান মহসিন নাকভির বোর্ডের সমালোচনাও করেছেন তিনি, ‘আমি শুধু খেলোয়াড়দের দোষ দেব না, কারণ গত দেড় বছরে বোর্ডে (পিসিবি) যা কিছু হয়েছে এবং অধিনায়কত্ব ও ম্যানেজমেন্টের পরিবর্তন দলকে প্রভাবিত করেছে।’

আরেক সাবেক অধিনায়ক ইনজামাম উল হক এই ব্যর্থতায় ব্যাটারদেরই সবচেয়ে বেশি দায় দেখছেন, ‘অতীতে সেরা দলগুলোকে হারানোর জন্য হোম সিরিজকে সব সময় আমাদের সেরা সুযোগ হিসেবে বিবেচনা করা হতো। কিন্তু এর জন্য তো ব্যাটসম্যানদের রান পেতে হবে। আমাদের ব্যাটাররা অতীতে রান পেয়েছে, কিন্তু এই মুহূর্তে আমি মনে করি, এই সংকট কাটিয়ে উঠতে তাদের মানসিক দৃঢ়তা দরকার।’

একই মনোভাব দেশটির হয়ে টেস্টে সর্বোচ্চ রান সংগ্রাহক ইউনিস খানেরও, ‘আমাদের ব্যাটসম্যানরা অতীতে রান পেয়েছে। কিন্তু এ মুহূর্তে আমার মনে হয় এই বিপর্যয় কাটিয়ে উঠতে তাদের মানসিকভাবে শক্ত হতে হবে এবং পরিষ্কার চিন্তাভাবনা করতে হবে।’

নিজ দেশের এমন কঠিন সময়ে অবশ্য পাকিস্তানের গণমাধ্যমে লেখা হয়েছে বাংলাদেশের সাফল্যের গল্পও। দ্য ডনের শিরোনাম ছিল এমন, ‘ঘরের মাটিতে ডেকে এনে অপমান : বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ হলো পাকিস্তান। হেরেছে ৬ উইকেটে।’

দ্য এক্সপ্রেস ট্রিবিউন লিখেছে, ‘বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ হওয়ার পর পাকিস্তানের ঘরের মাঠের সুবিধাটা মিথে পরিণত হলো।’

জং ডটকমের শিরোনাম এমন, ‘যথারীতি পাকিস্তানকে দ্বিতীয় টেস্টেও হারাল বাংলাদেশ। এবং সিরিজটি ২-০-তে হোয়াইটওয়াশ হলো।’

ডেইলি পাকিস্তান আরও এক কাঠি এগিয়ে লিখেছে, ‘পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে ঐতিহাসিক জয় বাংলাদেশের।’

জিও নিউজের শিরোনামে দেখা যায় এমন, ‘ইতিহাস গড়ে টেস্ট সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ।’

ক্রিকেট পাকিস্তান লিখেছে, ‘পাকিস্তানের বিপক্ষে ২-০-তে ঐতিহাসিক সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা