প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৪ ২১:২৮ পিএম
আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৪ ২২:০০ পিএম
বাংলাদেশ সিরিজ দিয়েই পাকিস্তানের টেস্ট দলের দায়িত্ব নিয়েছেন জেসন
গিলেস্পি। শান মাসুদদের কোচিংয়ের দায়িত্ব নিয়েই অস্বস্তির মুখে পড়েছেন। অস্ট্রেলিয়ান
এই কোচের অধীনে রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে নাকানিচুবানি খেয়েছে পাকিস্তান। দ্বিতীয়
টেস্টেও বাংলাদেশের কাছে বড় হারের শঙ্কা গুনছে। এমন সময়েও হাল ছাড়তে প্রস্তুত নন স্বাগতিকদের
কোচ।
সোমবার পিন্ডিতে তার দল হতাশার দিন কাটিয়েছে। চতুর্থ দিনে প্রায় হেরেই
যাচ্ছিল পাকিস্তান। বৃষ্টি বাগড়ায় যা রক্ষে! তবে শেষ অবধি লড়ার প্রত্যয় অজি কোচের।
সেই লক্ষ্যে পরিকল্পনাও সাজিয়েছেন, ‘নির্দ্বিধায় বলা যায়, বাংলাদেশ ভালো খেলছে। তবে
আমি এটা বলতে পারি, আমাদের বোলাররা এর চেয়েও ভালো বোলিং করতে সক্ষম। আশা করছি সোমবার আমরা নিজেদের ধারায় ফিরতে পারব এবং ম্যাচটি (দ্বিতীয় টেস্ট) জিততে পারব। আগামীকাল
কী করা উচিত, তা ভেবে নিয়েছি। যদি হারের কথা ভেবে খেলি, তবে হারের সম্ভাবনাই বেশি।
তাই শেষ পর্যন্ত লড়াই চালাব।’ তিনি এও যোগ করেন, ‘রাওয়ালপিন্ডি টেস্ট ক্ষণে ক্ষণে রঙ
বদলেছে। আশা করছি আমরাও কিছু করে দেখাতে পারব।’
বাংলাদেশের বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ হার ঠেকাতে পঞ্চম দিনে অবিশ্বাস্য
কিছুই করতে হবে পাকিস্তানকে। অবশ্য ম্যাচে যে বাংলাদেশ এগিয়ে আছে সেটা অকপটে স্বীকার
করেছেন ৪৯ বছর বয়সি গিলেস্পি, ‘ম্যাচ সম্ভবত বাংলাদেশের পক্ষে। তবে আমরা এটা থেকে লজ্জা
পাচ্ছি না। আমরা যদি হারার আশায় সেখানে চলে যাই তবে আমরা ইতোমধ্যেই হেরে গেছি। আমরা
প্রথম ইনিংসে ২৬ রানে ৬ উইকেট নিয়েছিলাম। আমরা জানি যে আমরা যদি সত্যিই বল করি তাহলে
বল দিয়ে প্রভাব ফেলতে পারি।’
প্রথম টেস্টের একাদশে থাকলেও দ্বিতীয় টেস্টে শাহিন শাহ আফ্রিদিকে
দলেই রাখা হয়নি। গিলেস্পি অবশ্য সামনের চ্যালেঞ্জিং সময়সূচিতে বাঁহাতি এই পেসারকে
সেরা ছন্দে পেতে বিশ্রাম দেওয়ার কথা বলেছেন, ‘সে (শাহিন) একজন সব ফরম্যাটের খেলোয়াড়
এবং সামনে আমাদের লম্বা সূচি রয়েছে। সে ফিট আছে কি না আমরা সেটা নিশ্চিত হতে চাই। সে
যাতে সেরা বোলিং করে পাকিস্তানের হয়ে যতটা সম্ভব খেলতে পারে।’