× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিগ ব্যাশে দল পেলেন রিশাদ হোসেন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৪৫ পিএম

বিগ ব্যাশে দল পেলেন রিশাদ হোসেন

অস্ট্রেলিয়ার ফ্র‍্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশে দল পেয়েছেন বাংলাদেশের রিশাদ হোসেন। লিগটির দল হোবার্ট হারিকেনসে ডাক পেয়েছেন ২২ বছর বয়সি এই লেগস্পিনার। আজ রবিবার (১ সেপ্টেম্বর) সিডনিতে বিগ ব্যাশ ড্রাফটের চতুর্থ রাউন্ড থেকে রিশাদকে দলে নিয়েছে হোবার্টের দলটি।

এর আগে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে শুধু সাকিব আল হাসানই বিগ ব্যাশে খেলেছেন। ২০১৪ সালে অ্যাডিলেইড স্ট্রাইকার্সের হয়ে খেলেন সাকিব, পরের মৌসুমে খেলেন মেলবোর্ন রেনেগেডসের জার্সিতে। কিন্তু ২০১৫ সালের পর এই লিগে আর দেখা যায়নি তাকে।  এবার সেই খরা ঘুচাতে যাচ্ছেন রিশাদ। 

আগামী ১৫ ডিসেম্বর থেকে শুরু হবে বিগ ব্যাশের ১৪তম আসর। যা চলবে আগামী বছরের ২৭ জানুয়ারি পর্যন্ত। তবে রিশাদ কেবল ছয় থেকে নয়টি ম্যাচ খেলতে পারেন হোবার্ট হারিকেনসের হয়ে। সুযোগ থাকলে ফাইনালেও দেখা যেতে পারে এই লেগ স্পিনারকে।

বাংলাদেশের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিপিএলও একই সময় হওয়ার কথা। এর আগে নভেম্বরেই বাংলাদেশ দলের ওয়েস্ট ইন্ডিজ সফরে যাওয়ার কথা। জাতীয় দল ও বিপিএলের ব্যস্ততায় রিশাদের বিগ ব্যাশে খেলা হবে কি না, সেই প্রশ্নটা তাই থাকছেই।

অবশ্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনাপত্তিপত্র পেলে বিগ ব্যাশের আগামী মৌসুমে কিছু ম্যাচ হলেও খেলতে চান তিনি। একটা ‘কিন্তু’ যদিও আছে। যেটি বললেন রিশাদ নিজেই, ‘ওই সময় আমাদের বিপিএল ও ওয়েস্ট ইন্ডিজ সফর থাকার কথা। এর মধ্যে যদি সুযোগ হয়, তাহলে নিশ্চয়ই বিগ ব্যাশে খেলতে চাইব।’

এদিকে রিশাদ ছাড়াও বাংলাদেশের তানজিম হাসান সাকিব এবং তানজিদ হাসান তামিমও একই শর্তে নাম জমা দিলেও ডাক পাননি কোনো দল থেকে। আর পুরো আসর খেলতে পারবেন এমন শর্তে নাম দিয়েছিলেন ৬ জন। পেসার হাসান মাহমুদ, উইকেটরক্ষক ব্যাটার জাকের আলী অনিক ছাড়াও এই তালিকায় ছিলেন দুই অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন এবং শামিম হোসেন পাটোয়ারি। বাকিদের মধ্যে ছিলেন ব্যাটার রনি তালুকদার এবং স্পিনার তাইজুল ইসলাম। রিশাদ ছাড়া কেউই ডাক পাননি। 

সম্প্রতি টি-টোয়েন্টি বিশ্বকাপে বল হাতে দ্যুতি ছড়ান রিশাদ হোসেন। আসরে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ১৪ উইকেট নিয়েছেন তিনি। এই লেগির আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় গত বছরের মার্চে। এখন পর্যন্ত ২৪ ম্যাচ খেলে ২৯ উইকেট শিকার করেছেন তিনি। এছাড়া ৩ ওয়ানডে খেলে পেয়েছেন ১ উইকেট।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা