প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৪ ২০:২৬ পিএম
মেসির পূর্ণ সুস্থতার জন্য যত সময় প্রয়োজন, ততটাই দিতে চায় ইন্টার মিয়ামি— সংগৃহীত ছবি
ইন্টার মিয়ামির মাঠ ফ্লোরিডার চেজ স্টেডিয়ামে গত পরশু লিওনেল মেসি যখন এসেছিলেন তখন সাজ সাজ রব। অনুশীলন দেখতেও সেকি ভিড়! ৪৫ দিন পর মেসি অনুশীলনে আসায় সমর্থকদের যে আশার বেলুন উড়েছিল, তা চুপসে গেছে খানিকক্ষণ পরেই। পুরোপুরি ফিট হতে পারেননি আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড। খেলার জন্যও বাড়ছে অপেক্ষা।
চিকিৎসকদের সাড়া না পাওয়ায় শিকাগোর বিপক্ষে মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে খেলবেন না মেসি। ইন্টার মিয়ামির অধিনায়ককে নিয়ে যদিও ব্যতিব্যস্ত হতে চায় না তার ক্লাব মিয়ামি। মেসির পূর্ণ সুস্থতার জন্য যত সময় দরকার সে সময় দিতে চায় এমএলএসের ক্লাবটি।
প্রায় দেড় মাস ধরে মাঠের বাইরে আছেন আর্জেন্টাইন মহাতারকা। পায়ের চোট বড্ড ভোগাচ্ছে। ১৫ জুলাই কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে চোট পান মেসি। এরপর থেকেই আছেন মাঠের বাইরে। আগামী মাসে বিশ্বকাপের কোয়ালিফায়ার রাউন্ডে দুটি খেলা আছে আর্জেন্টিনার। সেখানেও মেসিকে ছাড়াই দল দিয়েছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।
মেসির মাঠে ফেরার বিষয়ে এর আগে ইঙ্গিত দিয়েছিলেন মিয়ামির কোচ টাটা মার্টিনো, ‘মেসি ধীরে ধীরে সেরে উঠছে। সেরে ওঠার প্রসেস এই মুহূর্তে ঠিকভাবেই চলছে। ওকে দেখেই বোঝা যাচ্ছিল যে এই মুহূর্তে আর্জেন্টিনার হয়ে খেলার কথা অবস্থায় ও নেই। তবে প্রতিদিন উন্নতি হচ্ছে। তবে মেসি ঠিক কবে মাঠে ফিরবে সেই বিষয়ে নিশ্চিত করে এখনই বলা সম্ভব নয়।’