প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৪ ১৯:৫১ পিএম
আপডেট : ৩১ আগস্ট ২০২৪ ১৯:৫২ পিএম
পাকিস্তানের বিপক্ষে প্রথমবার টেস্টে জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ।
নাজমুল হোসেন শান্ত ব্রিগেডের লক্ষ্য এবার সিরিজ জয়। সে লক্ষ্যে রাওয়ালপিন্ডিতে সিরিজের
দ্বিতীয় ও শেষ টেস্টে মাঠে নেমেছে টাইগাররা। কিন্তু পায়ের কুঁচকির চোটে এই টেস্ট থেকে
ছিটকে গেছেন পেসার শরিফুল ইসলাম। তার জায়গায় লম্বা সময় পর সাদা পোশাকের দলে ফিরেছেন
আরেক পেসার তাসকিন আহমেদ।
শনিবার (৩১ আগস্ট) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বিবৃতিতে জানিয়েছে, প্রথম টেস্টের পরই শরিফুল পায়ের কুঁচকিতে অস্বস্তি অনুভব করছিলেন। এরপর পরীক্ষা-নিরীক্ষা করে বাঁহাতি পেসারের চোট ধরা পড়ে। যে কারণে দ্বিতীয় টেস্টের দলে তাকে বিবেচনা করা হয়নি।
বিবৃতিতে জাতীয় দলের ফিজিও বায়োজিদুল ইসলাম জানান, ‘প্রথম টেস্টের পর শরিফুলের এমআরআই
স্ক্যান করানো হয়েছে। এতে তার কুঁচকিতে গ্রেড-১ স্ট্রেইন ধরা পড়েছে। এ ধরনের ইনজুরির
ক্ষেত্রে সেরে উঠতে প্রায় ১০ দিনের মতো লাগে। শরিফুল ইতোমধ্যেই পুনর্বাসন প্রক্রিয়া
শুরু করেছেন।’
প্রথম টেস্টে বাংলাদেশের ঐতিহাসিক জয়ের ম্যাচে ১১ টেস্ট খেলা শরিফুল
তিন উইকেট পেয়েছিলেন। তবে ২০২১ সালে অভিষিক্ত এই পেসার একই সময়ে ১১টি টেস্ট মিস করেছেন।
এদিকে পাকিস্তান সফর শেষে ভারতের মাটিতে দুটি টেস্ট ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ
খেলতে যাবে বাংলাদেশ দল। ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া ওই সিরিজ দিয়েই ফের শরিফুলকে
দলে পাওয়ার প্রত্যাশা টিম ম্যানেজমেন্টের।