প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৪ ১২:২২ পিএম
আপডেট : ৩১ আগস্ট ২০২৪ ১২:৩৭ পিএম
লর্ডস টেস্টেও শুরুতেই চাপে শ্রীলঙ্কা। সংগৃহীত ছবি
ম্যানচেস্টারে প্রথম টেস্টে হারার পর দ্বিতীয় টেস্টেও শুরুতে চাপের মুখে শ্রীলঙ্কা। শুক্রবার দ্বিতীয় দিন শেষে আড়াইশ ছাড়িয়েছে ইংল্যান্ডের লিড। দুই দলের প্রথম ইনিংস শেষে পুনরায় ব্যাটিংয়ে নেমেছে ইংলিশরা। দ্বিতীয় ইনিংসে ১ উইকেটে ২৫ রান তুলে দিনের খেলা শেষ করেছে তারা। ইংলিশদের লিড দাঁড়িয়েছে তাতে ২৫৬ রানের।
বৃহস্পতিবার রাতে লর্ডস টেস্টে টস হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসে ৪২৭ রান তোলার পর থেমেছে ইংল্যান্ড। জবাবে শুক্রবার ১৯৬ রানে গুটিয়ে যায় সফরকারী লঙ্কান শিবির। ইনিংসের শুরু ও শেষের বিপর্যয়ে রীতিমতো কোণঠাসা হয়ে পড়েছে লঙ্কানরা।
ইংলিশ বোলারদের সামনে প্রতিরোধ গড়তে পেরেছেন কেবল কামিন্দু মেন্ডিস। ৭ নম্বরে নেমে ৭৪ রানের ইনিংস খেলেছেন তিনি। ৮টি চার ও ৩ ছক্কায় ইনিংস সাজান কামিন্দু। বাকিদের কেউ ২৫ রানও করতে পারেননি। তবে বেশ কয়েকজন ব্যাটার আউট হয়েছেন উইকেটে থিতু হওয়ার পর। ছয়জন যেতে পারেননি দশকের ঘরে। এর মধ্যে শূন্য রানে আউট হয়েছেন দুজন।
ব্যাটারদের আসা-যাওয়ার মিছিলের ফাঁকে পাথুম নিসাঙ্কা ১২, অ্যাঞ্জেলো ম্যাথুস ২২, দিনেশ চান্দিমাল ২৩ ও মিলান রাথনায়েকে ১৯ রান করেন। ইংল্যান্ডের পক্ষে ২টি করে উইকেট নেন ক্রিস ওকস, গাস অ্যাটকিসন, ওলি স্টোন ও ম্যাথু পটস। ১টি শিকার শোয়েব বশিরের।
প্রথম ইনিংসে ইংলিশরা ৪০০ ছাড়িয়েছে জো রুট ও অ্যাটকিনসনের সেঞ্চুরিতে ভর করে। শ্রীলঙ্কার আসিথা ফার্নান্দেজ নেন ৫ উইকেট। দ্বিতীয় ইনিংসে এখনও উইকেটশূন্য আছেন তিনি। এদিন ইংলিশদের পতন হওয়া একমাত্র উইকেটটি পান লাহিরু কুমারা। তার শিকার ড্যানিয়েল লরেন্স (৭)। বেন ডাকেট (১৫*) ও ভারপ্রাপ্ত অধিনায়ক ওলি পোপ (২*) দিন শেষে অপরাজিত ছিলেন।