× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রুট-অ্যাটকিনসনের সেঞ্চুরি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৪ ০১:৫৩ এএম

আপডেট : ৩১ আগস্ট ২০২৪ ১০:৫৯ এএম

জো রুট ও গাস অ্যাটকিনসন

জো রুট ও গাস অ্যাটকিনসন

ইংল্যান্ডের ক্রিকেটারদের মধ্যে সর্বাধিক টেস্ট সেঞ্চুরি হাঁকানোর রেকর্ড স্পর্শ করেছেন জো রুট। লর্ডসে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনে ক্যারিয়ারের ৩৩তম সেঞ্চুরির দেখা পেয়েছেন এ ইংলিশ ব্যাটার। রুট ১৪৩ রানের ইনিংসটি খেলেছেন ২০৬ বলে, মেরেছেন ১৮টি চার। ছুঁয়ে ফেলেছেন অ্যালিস্টার কুকের রেকর্ড। যেটি এখন সাবেক অধিনায়ক অ্যালিস্টার কুকের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ। লর্ডসে এটি তার ষষ্ঠ টেস্ট সেঞ্চুরি। রেকর্ড গড়া ৩৩তম সেঞ্চুরির পর প্রয়াত গ্রাহাম থর্পকে শ্রদ্ধা জানিয়েছেন জো রুট।

মানসিক অবসাদে ভোগা ইংল্যান্ডের সাবেক ব্যাটসম্যান ও কোচ থর্প সম্প্রতি আত্মহত্যা করেন। শ্রীলঙ্কার বিপক্ষে ওল্ড ট্রাফোর্ডে প্রথম টেস্টে কালো আর্মব্যান্ড পরে তাকে স্মরণ করেছিল ইংল্যান্ড দল। রুট এবার পেলেন আরেকটি উপলক্ষ।

টেস্ট অভিষেক হয়েছে দুই মাসও হয়নি। শ্রীলঙ্কার বিপক্ষে চলা এ টেস্টটি ইংল্যান্ড পেসার গাস অ্যাটকিনসনের ক্যারিয়ারের পঞ্চম টেস্ট। ছোট্ট এ ক্যারিয়ারে নতুন নতুন কীর্তি গড়ে চলেছেন অ্যাটকিনসন। লর্ডসে শ্রীলঙ্কার বিপক্ষে ৮ নম্বরে নেমে পেয়েছেন সেঞ্চুরি। ১১৫ বলে ১১৮ রানের ইনিংসের পথে ৪টি ছক্কা মেরেছেন অ্যাটকিনসন। যা কি না প্রথম শ্রেণির ক্রিকেটে তার প্রথম। এ লর্ডসেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১০ জুলাইয়ে অভিষেক হয় অ্যাটকিনসনের। অভিষেক টেস্টেই নেন ১২ উইকেট; যা টেস্ট অভিষেকে চতুর্থ সেরা বোলিং।

ইনিংসে ৫ উইকেট বা সেঞ্চুরি পেলে লর্ডসের অনার্স বোর্ডে নাম ওঠে ক্রিকেটারদের। অ্যাটকিনসন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ইনিংসে নিয়েছিলেন ৭ উইকেট, দ্বিতীয় ইনিংসে ৫টি। ষষ্ঠ ক্রিকেটার হিসেবে ব্যাটিং-বোলিং দুই বিভাগেই লর্ডসের অনার্স বোর্ডে নাম তুললেন। এর আগে এ কীর্তি ছিল গাবি অ্যালেন (ইংল্যান্ড), কিথ মিলার (অস্ট্রেলিয়া), ইয়ান বোথাম (ইংল্যান্ড), স্টুয়ার্ট ব্রড (ইংল্যান্ড) ও ক্রিস ওকসের (ইংল্যান্ড)।

তবে এক জায়গায় বোথাম ও অ্যাটকিনসন ব্যতিক্রম। এরা দুজনই লর্ডসে সেঞ্চুরি ও ১০ উইকেট পেয়েছেন এক মৌসুমে। বোথাম এ কীর্তি গড়েন ১৯৭৪ সালে। আর অ্যাটকিনসন এ বছর।

ব্যাট হাতে জো রুট ও গাস অ্যাটকিনসনের সেঞ্চুরি ও বল হাতে চার পেসারের দারুণ বোলিংয়ে লর্ডস টেস্টের নিয়ন্ত্রণ ইংল্যান্ডের হাতে। দ্বিতীয় দিন শেষে তাদের লিড ২৫৬ রানের।

দ্বিতীয় ইনিংসে ৬ ওভারে ২৫ রান তুলতে ১ উইকেট হারিয়েছে ওলি পোপের দল। ক্রিজে আছেন বেন ডাকেট ও পোপ। প্রথম ইনিংসে ইংল্যান্ডের করা ৪২৭ রানের জবাবে শ্রীলঙ্কা গুটিয়ে যায় মাত্র ১৯৬ রানে। ইংল্যান্ড ২৩১ রানের বড় লিড পায়। ৭ উইকেটে ৩৫৮ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল ইংল্যান্ড।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা