× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভুল শুধরে শক্তিশালী হয়ে ফিরতে চান তামিমরা

খেলাধুলা ডেস্ক

প্রকাশ : ০৬ আগস্ট ২০২২ ১৩:০৮ পিএম

আপডেট : ০৬ আগস্ট ২০২২ ১৩:১৮ পিএম

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে টাইগার অধিনায়ক তামিম ইকবাল। ছবি সংগৃহীত

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে টাইগার অধিনায়ক তামিম ইকবাল। ছবি সংগৃহীত

এক বা দুই ওডিআই নয়, টানা ১৯টি ওডিআই জিম্বাবুয়ের বিপক্ষে অপরাজিত ছিল বাংলাদেশ। বছরের হিসাবেও দীর্ঘ সময়। টানা ৯ বছর জিম্বাবুয়ের ক্রিকেট দল টাইগারদের বিপক্ষে জয়ের স্বাদ পায়নি। তবে কাইয়া আর রাজার অসাধারণ ব্যাটিং নৈপুণ্যে বাঘের ঘাড়ে থাবা বসাতে পেরেছে রেজিস চাকাভার দল।

বাংলাদেশের শুরুটা যে খারাপ ছিল তা নয়, বরং চার ব্যাটারের ফিফটিতে ৩০৪ রানের টার্গেট দেয় সফরকারীরা। তবু শেষ হাসিটা আর হাসা হয়নি তাদের। বরং হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তামিম বাহিনীর। বড় স্কোর করেও জয় না পাওয়া, কোটি দর্শকের আক্ষেপ বাড়িয়েছে। তবে অধিনায়ক তামিম ইকবালের মতে রানটা আরেকটু বেশি হওয়া উচিত ছিল। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ‘প্রাণহীন’ ভাষায় এটাই বলেছেন। বলেছেন, ‘কিছুটা ভুল ছিল। তা শুধরে নিয়ে শক্তিশালী হয়ে ফিরতে চাই।’

২৬ ওভারের মাঝেই উদ্বোধনী জুটিতে যখন ১১৯ রান তুলে ফেলে টাইগাররা সেখান থেকে সংগ্রহটা হতে পারত আরও বড়। ৪০ ওভার শেষে হাতে ছিল ৯ উইকেট। সেখান থেকে শেষ ১০ ওভারে মাত্র ৯০ ও শেষ ৩ ওভারে ২২ রান তুলে একরকম হতাশই করেছে বাংলাদেশ।

তামিম বলেন, ‘অবশ্যই আরও ১৫-২০ রান বেশি করা উচিত ছিল। ১ উইকেটে ২৫০ রানে ছিলাম আমরা, এরকম পরিস্থিতিতে থাকলে আরেকটু পুশ করতে হয়।’

এই ম্যাচের দল নির্বাচনও জন্ম দিয়েছে প্রশ্নের। প্রতিপক্ষ শিবিরে ডানহাতিদের আধিক্যের পরও বাঁহাতি খেলায়নি টিম ম্যানেজমেন্ট। সর্বশেষ ওয়ানডেতে ৫ উইকেট পাওয়া তাইজুল ইসলাম কেন উপেক্ষিত হলেন, সেটাও বোধগম্য নয়।

এ নিয়ে প্রশ্ন করলে কূটনৈতিক উত্তর দেন তামিম। বলেন, ‘এখন চিন্তা করলে মনে তো অবশ্যই হয়। তবে আমরা যে সিদ্ধান্তটা নিয়েছিলাম আমি এটাকে ভুল বলব না। আগে বল করলে অন্য ব্যাপার ছিল, কিন্তু আমাদের বসে এটা নিয়ে ভাবতে হবে।’

এমন হার মেনে নেওয়া কষ্টকর। তবে ভুল শুধরে শক্তভাবে ফিরে আসার বার্তা দিলেন অধিনায়ক। বলেছেন, ‘আমরা শক্তভাবে ফিরে আসতে সক্ষম। যে ভুলগুলো করেছি এটা আমরাও জানি, আপনারাও দেখেছেন, পুরো দেশও দেখেছে। আমাদের সেগুলো শুধরে খুবই শক্তিশালী হয়ে ফিরে আসতে হবে।’

প্রবা/আরএম/এমজে

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা