প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৪ ২৩:০১ পিএম
আপডেট : ৩০ আগস্ট ২০২৪ ২২:১৭ পিএম
২০৩১ ওয়ানডে বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ। এ ছাড়া আগামী কয়েক বছরেও দেশে আইসিসির বেশ কিছু ইভেন্ট রয়েছে। এজন্য বেশ কয়েকটি স্টেডিয়াম সংস্কারের সঙ্গে রাজধানীর পূর্বাচলে সদ্য সাবেক প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নামে একটি পূর্ণাঙ্গ ক্রিকেট কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে ক্ষমতার পটপরিবর্তনের পর দেশের বর্তমান বাস্তবতায় বদলে যাচ্ছে অনেক কিছু। সেই ধারাবাহিকতায় এবার ‘দ্য বোট’ স্টেডিয়ামের দরপত্রও বাতিল করেছে বিসিবি।
সম্প্রতি নাজমুল হাসান পাপনের পদত্যাগের পর বিসিবির নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নেন ফারুক আহমেদ। দায়িত্ব নিয়ে গতকাল বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি কার্যালয়ে প্রথমবারের মতো পরিচালকদের নিয়ে বোর্ড সভা করেছেন তিনি। দীর্ঘ ৫ ঘণ্টার সভা শেষে শেখ হাসিনা স্টেডিয়ামের টেন্ডার বাতিলের সিদ্ধান্তের কথা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ফারুক আহমেদ। বিসিবি সভাপতি বলেন, ‘শেখ হাসিনা স্টেডিয়ামের টেন্ডার নিশ্চিত করার বিষয়টি আজকেই (বৃহস্পতিবার) শেষ দিন ছিল। এত স্বল্প সময়ের মধ্যে কাজটি করা সম্ভব হচ্ছে না বলে স্থগিত করতে হয়েছে।’
পূর্বাচলে সাড়ে ৩৭ একর জমিতে একটি পূর্ণাঙ্গ ক্রিকেট কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা ছিল সদ্য বিগত সরকারের। প্রায় পাঁচ হাজার কোটি টাকার এই প্রকল্পের অধীনে একটি আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়ামসহ দুটি মাঠ নির্মাণের কথা ছিল। সরকারের কাছ থেকে জমি অধিগ্রহণের পর অপেক্ষায় ছিল নির্মাণকাজ শুরুর। বর্তমান কমিটি জায়গা পরিদর্শন করে পরবর্তী সিদ্ধান্ত নেবে বলেও জানান ফারুক। বিসিবি বস বলেন, ‘আমরা দ্রুতই পূর্বাচলের স্টেডিয়ামের জায়গাটি পরিদর্শনে যাব। দেখব, সেখানে মাঠ ব্যবহার করা যায় কিনা।’
এদিকে গত বছর ভারতে অনুষ্ঠিত ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে ভরাডুবি হয়েছিল বাংলাদেশ দলের। স্মরণকালের সেরা দল নিয়ে খেলতে গিয়ে ৯ ম্যাচের মধ্যে মাত্র ২ ম্যাচ জিতেছিল বাংলাদেশ, ১০ দলের মধ্যে হয়েছিল ৮ম। কেবল শ্রীলঙ্কা ও আফগানিস্তানকে হারাতে পেরেছিল বাংলাদেশ। হার মানতে হয়েছিল বাছাইপর্ব পার করে আসা নেদারল্যান্ডসের কাছেও।
এরপর বিশ্বকাপের পারফরম্যান্স নিয়ে তদন্ত করার জন্য তিন সদস্যের কমিটি গঠন করেছিল বিসিবি। সেই কমিটি দলের সব সদস্যের সাথে কথা বলে, কোচের সাথে কথা বলে একটি রিপোর্টও জমা দিয়েছিল। কিন্তু সেই রিপোর্ট প্রায় এক বছর পরেও আসেনি জনসম্মুখে। এবার সেই রিপোর্ট প্রকাশ করার ঘোষণা দিলেন নবনির্বাচিত বিসিবি সভাপতি ফারুক আহমেদ।
এ প্রসঙ্গে ফারুক আহমেদ বলেন, ‘(বিশ্বকাপের রিপোর্ট প্রকাশ না করার ব্যাপারটি) একদমই অযৌক্তিক। অবশ্যই আমি (রিপোর্ট) আনতে চাই জনসম্মুখে। আমি যেহেতু এটার পার্ট না, আমি এটা প্রকাশ করতে তো কোনো সমস্যা নেই। আমি এটা প্রকাশ করতে চাই।’