প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৪ ১৯:০৫ পিএম
আপডেট : ২৯ আগস্ট ২০২৪ ১৯:১৩ পিএম
নাজমুল হাসান পাপনের পদত্যাগের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নেন ফারুক আহমেদ। বিসিবির দায়িত্ব নিয়ে প্রথমবারের মতো বোর্ড সভা ডেকেছেন তিনি। তার সভাপতিত্বে হওয়া এ বোর্ড মিটিংয়ে সদস্যপদ হারাচ্ছেন ৭ জন বোর্ড পরিচালক। বিসিবির বোর্ড সভার একটি সূত্র গণমাধ্যকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ে বেলা ৩টায় শুরু হয়েছে বোর্ড সভা। নতুন সভাপতির দায়িত্ব গ্রহণের পর বদলে যাচ্ছে বোর্ডের স্ট্যান্ডিং কমিটি। অর্থ, ক্রিকেট পরিচালনা, বিপিএল গভর্নিং কাউন্সিল, মার্কেটিং, গ্রাউন্ডস ও ফ্যাসিলিটিজ, গেম ডেভেলপমেন্ট, হাইপারফরম্যান্স ইউনিট, মিডিয়া বিভাগের কমিটিও পুনর্গঠন করা হচ্ছে।
এই বোর্ড সভার সিদ্ধান্তে যে ৭ জন পরিচালক সদস্যপদ হারাচ্ছেন তারা পর পর তিনটি বোর্ড মিটিংয়ে অংশ নেননি। বোর্ডের গঠনতন্ত্র অনুযায়ী পরপর তিনটি বৈঠকে উপস্থিত না থাকলে হারাতে হবে সদস্য পদ। সেই নিয়মের কারণে বাদ পড়ছেন তারা। সেই ৭ জন পরিচালক হলেন- এনায়েত হোসেন সিরাজ, তানভীর আহমেদ টিটু, আনোয়ারুল ইসলাম, গাজী গোলাম মর্তুজা, মনজুর আলম, মনজুর কাদের এবং নাজিব আহমেদ।
গত ২ জুলাইয়ের বিসিবির সভায় ছিলেন না তারা। এরপর দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর গত ২১ আগস্ট সচিবালয়ের বোর্ড সভায়ও তাদের দেখা যায়নি। বৃহস্পতিবারের বৈঠকে না থাকায় বাদ পড়লেন আওয়ামী সরকারের প্রভাবশালী এসব পরিচালক।