প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৪ ১২:১৩ পিএম
আপডেট : ২৯ আগস্ট ২০২৪ ১৩:১২ পিএম
বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ দায়িত্ব নেওয়ার এক সপ্তাহের মধ্যে পরিচালনা পর্ষদের সভা ডেকেছেন। আজ বৃহস্পতিবার বিকাল ৩টায় বিসিবি কার্যালয়ে শুরু হবে সভাটি। চলমান বাস্তবতায় এবারের বোর্ড সভাটিও আলাদা নজরে থাকবে। ফারুকের সভাপতিত্বে নতুন বোর্ড সভায় গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে শোনা যাচ্ছে।
বিসিবির আওয়ামী লীগ ঘনিষ্ঠ পরিচালকদের অনেকে আত্মগোপনে চলে যাওয়ায় স্থায়ী কমিটিগুলো পুনর্গঠন নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে সভায়। সভায় পূর্বাচলে শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নির্মাণকাজ নিয়ে আলোচনা হবে। এ স্টেডিয়াম নির্মাণের জন্য নাজমুল হাসান পাপনের বোর্ডের আহ্বান করা দরপত্র গ্রহণ শেষ হবে আগামীকাল। শোনা যাচ্ছে, আজকের সভায় বাতিল হতে পারে দরপত্র গ্রহণ প্রক্রিয়া।
বিসিবির অনেক গুরুত্বপূর্ণ স্থায়ী কমিটির প্রধানই এখন অনুপস্থিত। সক্রিয় পরিচালকদের মধ্য থেকে সেসব কমিটিতে নতুন প্রধান দায়িত্ব নেবেন। পরিচালক-সংকট থাকায় অনেকেই দায়িত্ব পাবেন একাধিক কমিটির। বিসিবির এক পরিচালক বলেছেন, ‘যেহেতু আমরা সংখ্যায় কম, নিজেদের মধ্যেই ভাগাভাগি করে কাজ করতে হবে। সে ক্ষেত্রে একেকজনকে একাধিক বিভাগের দায়িত্বও নিতে হতে পারে।’ তবে আজকের সভায় মূলত এ নিয়ে আলোচনাই হবে। সব কমিটি আজ পুনর্গঠন না-ও হতে পারে।
২১ আগস্ট হওয়া সর্বশেষ বোর্ড সভায় ছিলেন না অনেক পরিচালক। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী কোনো পরিচালক পরপর তিনটি বোর্ড সভায় অনুপস্থিত থাকলে তার পদ শূন্য হয়ে যায়। তখন ওই নির্দিষ্ট শ্রেণিতে নির্বাচনের মাধ্যমে নতুন পরিচালক আনার নিয়ম রয়েছে। আজকের সভাটি সেদিকে এগিয়ে দেবে ফারুক আহমেদের বোর্ডকে।
স্টেডিয়ামটি সম্পূর্ণ বিসিবির অর্থায়নে না করে বর্তমান পরিচালনা পর্ষদ এতে ক্রীড়া মন্ত্রণালয়কে সম্পৃক্ত করতে পারে। অবশ্য স্টেডিয়ামের নির্মাণকাজ আপাতত স্থগিত রয়েছে। তবে ঘরোয়া ক্রিকেট চালিয়ে যাওয়ার উপযোগী করা হবে পূর্বাচলের দুটি মাঠ। বোর্ড সভায় মেয়েদের আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি, জাতীয় ক্রিকেট লিগ, বিপিএল ও হাইপারফম্যান্স বিভাগের ক্যাম্প নিয়েও আলোচনা হবে।
২১ আগস্ট জরুরি বোর্ড সভা ডেকেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেদিনই আনুষ্ঠানিকভাবে সভাপতির পদ থেকে পদত্যাগ করেন নাজমুল হাসান পাপন। এরপর নতুন বোর্ড সভাপতি হিসেবে বিসিবির দায়িত্ব গ্রহণ করেন ফারুক আহমেদ। এ ছাড়া নতুন করে পরিচালক পদে এসেছেন প্রখ্যাত কোচ ও ক্রিকেট সংগঠক নাজমুল আবেদিন ফাহিম।