নুনিয়েজ পাঁচ ম্যাচ নিষিদ্ধ
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৪ ১১:১৭ এএম
আপডেট : ২৯ আগস্ট ২০২৪ ১১:৪৫ এএম
নিষেধাজ্ঞা শাস্তি পাওয়া উরুগুয়ের ফুটবলাররা
যুক্তরাষ্ট্রের মাটিতে কোপা আমেরিকার পর্দা নেমেছে জুলাইয়ের মাঝামাঝি। জাতীয় দলের মিশন শেষ করে ছুটিও কাটিয়েছেন ফুটবলাররা। এরই মধ্যে মাঠে গড়িয়েছে ক্লাব ফুটবলের নতুন মৌসুম। টুর্নামেন্টের এক ম্যাচে মারামারির ঘটনায় অবশেষে শাস্তি পেলেন উরুগুয়ের ১১ খেলোয়াড়। সেমিফাইনালে কলম্বিয়ার কাছে হার মানার পর গ্যালারির দর্শকদের সঙ্গে মারামারিতে জড়িয়ে পড়েছিলেন উরুগুয়ের ফুটবলাররা। সেই অনাকাঙ্ক্ষিত ঘটনারই শাস্তি পেলেন তারা প্রায় দেড় মাস পর।
শেষ চারের ম্যাচে ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে কলম্বিয়ার বিপক্ষে ১-০ গোলে হেরে গিয়েছিল উরুগুয়ে। মাঠের লড়াই শেষে গ্যালারিতে থাকা কলম্বিয়ার সমর্থকদের রোষানলে পড়ে গিয়েছিলেন উরুগুয়ের কয়েকজন খেলোয়াড়ের পরিবারের সদস্যরা। বিষয়টি মেনে নিতে পারেননি ডারউইন নুনিয়েজসহ উরুগুয়ের বাকি খেলোয়াড়রা।
ঘটনা জানতে পেরেই কলম্বিয়ার সমর্থকদের সঙ্গে মারামারিতে জড়িয়ে পড়েন নুনিয়েজসহ দলটির আরও কয়েকজন ফুটবলার। এ ঘটনায় সবচেয়ে বড় শাস্তি পেয়েছেন লিভারপুলের এ তারকা। নুনিয়েজকে পাঁচ ম্যাচ নিষিদ্ধ করেছে কনমেবল। দক্ষিণ আমেরিকান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি সঙ্গে তাকে জরিমানা করেছে ২০ হাজার ডলার।
তার সঙ্গে নিষিদ্ধ হয়েছেন আরও চার খেলোয়াড়। তদন্ত শেষে উরুগুয়ের ১১ খেলোয়াড়কে শাস্তির আওতায় এনেছে কনমেবল। উরুগুয়ের মাঝমাঠের তারকা রদ্রিগো বেন্টাঙ্কুর নিষিদ্ধ হয়েছেন চার ম্যাচ। সমান তিন ম্যাচ করে নিষিদ্ধ হয়েছেন তিন ডিফেন্ডার ম্যাথিয়াস অলিভেরা, রোনাল্ড আরাউহো ও হোসে মারিয়া হিমিনেজ। নিষিদ্ধ এ চারজন ফুটবলারের জরিমানা হয়েছে ১২ থেকে ১৬ হাজার ডলারের মধ্যে। বেন্টাঙ্কুর জরিমানা দিচ্ছেন ১৬ হাজার ডলার। অন্য ছয় খেলোয়াড়কে শুধু জরিমানা করা হয়েছে।
শাস্তি পেয়েছে উরুগুয়ে ফুটবল ফেডারেশনও। তাদের জরিমানা হয়েছে ২০ হাজার ডলার। এ অর্থ প্রাইজমানি ও রাজস্ব থেকে কেটে নেবে কনমেবল। তবে শাস্তির বিরুদ্ধে আপিল করতে পারবেন তারা। কনমেবল আয়োজিত ম্যাচে এ শাস্তি কার্যকর হবে। ফ্লোরিডায় আগামী রবিবার প্রীতি ম্যাচে গুয়াতেমালাকে মোকাবিলা করবে উরুগুয়ে। পরে বিশ্বকাপ বাছাই পর্বে ঘরের মাঠে ৬ সেপ্টেম্বর প্যারাগুয়ে ও ১০ সেপ্টেম্বর ভেনেজুয়েলার বিপক্ষে লড়বে উরুগুয়ে।