সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৪ ১৬:৪৬ পিএম
আপডেট : ২৮ আগস্ট ২০২৪ ১৭:০৯ পিএম
নেপালের জালে চার গোল দিয়েছে লাল সবুজের দল, জিতেছে শিরোপাও— সংগৃহীত ছবি
দুটি লক্ষ্যে ললিতপুরের আনফা কমপ্লেক্সে নেমেছিল বাংলাদেশ— সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে শিরোপার স্বাদ, অপরটি প্রতিশোধ। বল দখল, গোলে শট কিংবা আক্রমণ— ফাইনালে সব বিভাগে ছড়ি ঘোরানো বাংলাদেশ পেয়েছে দুটিই। প্রথমার্ধে ফ্রি কিক থেকে মিরাজুল ইসলামের দৃষ্টিনন্দন গোল এবং দ্বিতীয়ার্ধে স্বাগতিকদের জালে আরও তিন গোল। তাতেই প্রথমবারের মতো বয়সভিত্তিক আসরে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।
বুধবার শিরোপা ফয়সালার ম্যাচে নেপালকে কোনো সুযোগই দেয়নি মারুফুল হকের শিষ্যরা। নিজ দেশে নেপালিদের পরবাসী করে তাদের জালে মিরাজুল-রাব্বিরা দিয়েছেন গুনে গুনে চার গোল। ফাইনালের আগে গ্রুপ পর্বের ম্যাচে ২-১ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। তা ছাড়া ২০১৭ সালের ফাইনালে নেপালের কাছেই শিরোপা খুঁইয়েছিলেন লাল-সবুজের প্রতিনিধিরা। সেই হারের শোধ দেওয়ার পাশাপাশি শিরোপা নিয়েও ফিরছেন মিরাজুলরা।

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের সবশেষ আসরের ফাইনালে ভারতের কাছে হেরে স্বপ্নভঙ হয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের। এবার সেই ভারতকেই দর্শক বানিয়ে চতুর্থবারের মতো শিরোপা নির্ধারণী মঞ্চে আসে বাংলাদেশ। ফাইনালের লক্ষ্য নিয়ে নেপালে আসা বাংলাদেশ প্রাথমিক লক্ষ্য পূরণের পর, শিরোপাকে বানায় নেক্সট টার্গেট। সেখানেও মারুফুলের হকের পরিকল্পনা বাজিমাত। প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে আরেকটি গোল পায় মিরাজুল। ৭০ মিনিটের মাঝে স্কোরলাইন ৩-০ করেন রাহুল।
খেলার ৮০ মিনিটে নেপাল পরিশোধ করে এক গোল। পরে অতিরিক্ত সময়ে গোলের নেশায় থাকা নেপাল আরেকটি গোল হজম করে। শেষ পর্যন্ত বাংলাদেশ ৪-১ গোলে জয় নিশ্চিত করে। বয়সভিত্তিক ফুটবলে অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে এটাই বাংলাদেশের প্রথম শিরোপা।