ইউএস ওপেন
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৪ ২৩:৪১ পিএম
আপডেট : ২৭ আগস্ট ২০২৪ ২৩:৪২ পিএম
নোভাক জোকোভিচ
মার্গারেট কোর্টের ২৪ গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ড আগেই ছুঁয়ে ফেলেছেন। নোভাক জোকোভিচ তার কীর্তি স্পর্শ করেন গত ইউএস ওপেনে। অস্ট্রেলিয়ার এ টেনিস কিংবদন্তিকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ ছিল এ বছরের উইম্বলডন ওপেনে। কিন্তু সেই স্বপ্নটা তার পূরণ হয়নি। স্পেনের কার্লোস আলকারেজ ফাইনালে সার্বিয়ান সুপারস্টারকে হতাশ করেন।
ক্যারিয়ারে ২৫তম গ্র্যান্ড স্লাম জিতে বিশ্বরেকর্ড গড়ার নতুন মিশনে নেমেছেন সাবেক এ নাম্বার ওয়ান। নতুন অভিযাত্রার শুরুতেই ছুঁয়ে ফেলেছেন সুইস লিজেন্ড রজার ফেদেরারের রেকর্ড। আজ মঙ্গলবার সকালে ইউএস ওপেনের প্রথম রাউন্ডের লড়াই জয়ে রাঙিয়ে নিয়েছেন জোকোভিচ। মলদোভার প্রতিপক্ষ রাদু আলবোতকে ৬-২, ৬-২ ও ৬-৪ গেমে ধরাশায়ী করে বছরের শেষ মেজর টুর্নামেন্টে শুভসূচনা করেছেন ৩৭ বছরের এ তারকা।
নিউইয়র্কের এ আসরে জোকোভিচ পেলেন ৮৯তম জয়। ইউএস ওপেনে তার আগে ৮৯তম ম্যাচ জেতার কীর্তি গড়েন ফেদেরার। এ দুজন থেকে ফ্লাশিং মিডোসে গ্র্যান্ড স্লামে ছেলেদের এককে বেশি ম্যাচ জেতেন কেবল একজন; তিনি আর কেউ নন, যুক্তরাষ্ট্রের সাবেক তারকা জিমি কনর্স (৯৮)।
আর্থার অ্যাশ স্টেডিয়ামে র্যাঙ্কিংয়ের ১৩৮ নম্বর খেলোয়াড় আলবোতকে হারাতে জোকোভিচের সময় লেগেছে ২ ঘণ্টা ৭ মিনিট। এ নিয়ে ইউএস ওপেনে ১৮ বার খেলতে গিয়ে ১৮ বারই প্রথম রাউন্ডের বৈতরণী পেরিয়ে গেলেন সর্বকালের অন্যতম সেরা এ টেনিস খেলোয়াড়। চারবারের এ চ্যাম্পিয়ন তৃতীয় রাউন্ডের আগে কখনোই হার মানেননি নিউইয়র্কের এ টুর্নামেন্টে।
দ্বিতীয় রাউন্ডে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জোকোভিচ প্রতিদ্বন্দ্বিতা করবেন বন্ধু লাসলো দিয়েরের বিরুদ্ধে। জার্মানির ইয়ান-লেনার্ড স্ট্রাফের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ৬-৭ (৭/৯), ৬-১, ৬-৭ (৭/৯), ৬-৪ ও ৬-২ গেমে জেতে দ্বিতীয় রাউন্ডে নাম লিখেছেন দিয়েরে।
এ বছর এখনও পর্যন্ত গ্র্যান্ড স্লাম জিততে পারেননি জোকোভিচ। প্রথম রাউন্ডের বাধা উতরে র্যাঙ্কিংয়ের দ্বিতীয় সেরা এ খেলোয়াড় কল্পনাই করেননি এতটা অনায়াসে জিতে যাবেন, ‘শুরুটা তো সব সময়ই চ্যালেঞ্জিং হয়। আর আমি তো এই সারফেসে (হার্ড কোর্ট) পাঁচ-ছয় মাস খেলিনি। অলিম্পিকে ক্লে কোর্টে খেলার পর এখানে খেলতে এলাম। ইউএস ওপেনের আগে কোনো আনুষ্ঠানিক ম্যাচও খেলিনি। তাই আশঙ্কা করেছিলাম হয়তো শুরুর দিকে চ্যালেঞ্জের মুখে পড়ব।’
জোকোভিচের জয় উৎসবের দিনে বড় ধরনের কোনো অঘটন ঘটেনি ইউএস ওপেনে। দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গেছেন কাসপার রুড, টেলর ফ্রিটজ, লরেনৎসো মুসেত্তি, আলেক্সান্ডার জভেরেভে ও আন্দ্রেই রুবলেভ। মেয়েদের এককে শিরোপাধারী যুক্তরাষ্ট্রের কোকো গাউফ ও আরিনা সাবালেঙ্কাও কেটেছেন দ্বিতীয় রাউন্ডের টিকিট।