প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৪ ২০:২৩ পিএম
পাকিস্তানে খেলার আগ্রহের কথা জানিয়ে তোপের মুখে পড়েছেন কুলদীপ— সংগৃহীত ছবি
পাকিস্তানে বসতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ভারত যখন সরকারের দিকে তাকিয়ে, তখন দেশটিতে খেলার ইচ্ছা জানিয়েছেন কুলদীপ যাদব। ২০১৭ সালে ভারতের জার্সিতে অভিষেক হলেও এখনও প্রতিবেশী দেশটিতে খেলার সুযোগ হয়নি ভারতীয় এই তারকা স্পিনারের। তাই পাকিস্তানের মাটিতে খেলতে উদগ্রীব হয়ে আছেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে কুলদীপ বলেন, ‘আমাদের যেখানে খেলতে বলা হবে, সেখানে খেলার জন্য তৈরি। আমি কখনও পাকিস্তানে যাইনি। তাই খুবই উদগ্রীব। পাকিস্তানের মানুষ খুব ভালো। সুযোগ পেলে ওই দেশে গিয়ে খেলতে চাই।’
তবে পাকিস্তানে খেলার আগ্রহের কথা জানিয়ে তোপের মুখে পড়েছেন কুলদীপ। রাজনৈতিক বৈরিতার কারণে দুই দেশের পারস্পরিক সম্পর্ক ভালো নেই। ক্রীড়াঙ্গনেও পড়েছে তার প্রভাব। সবশেষ এশিয়া কাপেও পাকিস্তানে খেলতে যায়নি ভারত।
এবার সবকিছু ঠিক থাকলে পাকিস্তানের তিনটি মাঠে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। ভারতের জন্য বাড়তি সুরক্ষা ব্যবস্থা থাকবে বলে জানিয়েছে পিসিবি। তবে কুলদীপ যাদবদের দল তাকিয়ে নিজেদের সরকারের সবুজ সংকেতের দিকে।