× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এবার সাকিবের পাশে কোয়াব

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৪ ১৩:০৬ পিএম

এবার সাকিবের পাশে কোয়াব

রাওয়ালপিন্ডিতে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্টে জয়ের ম্যাচে সাকিব আল হাসান খেলেছেন হত্যা মামলার খড়্গ নিয়ে। দেশে ছাত্র-জনতা আন্দোলনে নিহত গার্মেন্টসকর্মী রুবেলের হত্যা মামলায় আসামি করা হয়েছে তাকে। সেই চাপ মাথায় নিয়েই সাকিব মাঠের খেলায় দেখিয়েছেন নিজের স্পিনের জাদু। প্রথম ইনিংসে একটি উইকেট শিকারের পর দ্বিতীয় ইনিংসে নেন আরও ৩ উইকেট। 

ম্যাচ জয়ের পর থেকেই সতীর্থরা সাকিবকে সাহস দিয়েছেন। মুমিনুল হক থেকে শুরু করে জাতীয় দলের সব সতীর্থকেই দুঃসময়ে পাশে পাচ্ছেন তিনি। এবার তারকা এই অলরাউন্ডারের পাশে এসে দাঁড়িয়েছে ক্রিকেটারদের সংগঠন ‘ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’। লম্বা এক বিবৃতিতে কোয়াবের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে, সাকিবকে যেন শুধুমাত্র রাজনৈতিক কারণে মামলার আসামি করা না হয়। 

কোয়াবের সাধারণ সম্পাদক দেবব্রত পাল স্বাক্ষরিত এক বিবৃতিতে জানিয়েছে, ‘সম্প্রতি দায়েরকৃত একটি হত্যা মামলায় বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে আসামি করা হয়েছে মর্মে জানতে পেরেছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ- কোয়াব। সাবেক ও বর্তমান ক্রিকেটারদের কল্যাণে গঠিত সংগঠন কোয়াব সাকিব আল হাসানের প্রতি খেলোয়াড় বিবেচনায় সহানুভূতি প্রদর্শনের আহ্বান জানিয়েছে।’ 

দেশের ক্রিকেটে সাকিবের গুরুত্ব তুলে ধরে কোয়াব জানিয়েছে, ‘সাকিব আল হাসানের রাজনৈতিক সম্পৃক্ততা নিয়ে আলোচনা-সমালোচনা থাকতে পারে। কারোর বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগের প্রেক্ষিতে দায়েরকৃত কোনো মামলার বিষয়ে কোয়াবের বক্তব্য নেই। কোয়াব মনে করে, বাংলাদেশের ক্রিকেটে সাকিব আল হাসানের গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম।’ 

এরপরেই উল্লেখ করা হয়, সদ্য শেষ হওয়া রাওয়ালপিন্ডি টেস্টে বাংলাদেশের ঐতিহাসিক বিজয়েও সাকিব আল হাসানের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। খেলোয়াড় হিসেবে জাতীয় দলকে অনেক কিছু দেওয়ার সামর্থ্য রয়েছে সাকিবের।

এসব দিক বিবেচনায় সাকিব আল হাসান যাতে শুধুমাত্র রাজনৈতিক কারণে মামলার আসামি না হন সে অনুরোধ রাখছে কোয়াব। নতুবা মামলা সংক্রান্ত দুশ্চিন্তা এবং জটিলতা সাকিবের ক্রিকেট পারফরম্যান্সে নেতিবাচক প্রভাব ফেলতে পারে এবং এমন প্রতিভা ঝড়ে যাওয়ার মতো অবস্থাও সৃষ্টি হতে পারে। এতে দেশের ক্রিকেটেরও অপূরণীয় ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে।

কোয়াবের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, সাকিবের বিরুদ্ধে দায়েরকৃত মামলা সহানুভূতির সাথে দেখবে অন্তর্বর্তীকালীন সরকার। সাকিবের খেলোয়াড় সত্তা আলাদাভাবে বিবেচনার অনুরোধ জানিয়ে তার প্রতি সর্বোচ্চ সহানুভূতি কামনা করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা