× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চার জায়ান্টের উৎসবের রাত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৪ ১৯:৪৯ পিএম

এমবাপে গোল পাননি, তবে রিয়াল পেয়েছে দাপুটে জয়— সংগৃহীত ছবি

এমবাপে গোল পাননি, তবে রিয়াল পেয়েছে দাপুটে জয়— সংগৃহীত ছবি

ইংল্যান্ডের প্রিমিয়ার লিগ, স্পেনের লা লিগা থেকে ইতালির সিরি’এ হয়ে জার্মানির বুন্দেসলিগা— ইউরোপের শীর্ষ চার লিগের সেরা দলগুলো রবিবার মেতেছিল জয়োৎসবে। ইংলিশ লিগে লিভারপুল হারিয়েছে ব্রেনফোর্ডকে। স্প্যানিশ লিগে রিয়াল ভালাদোদিদের বিপক্ষে গোল উৎসব করেছিল রিয়াল মাদ্রিদ। লিচকে হারায় সিরি’এ চ্যাম্পিয়ন ইন্টার মিলান এবং জার্মানিতে উলফসবার্গের বিপক্ষে প্রত্যাবর্তনের গল্প লেখে বায়ার্ন মিউনিখ। একই রাতে উলভারহ্যাম্পটনের জালে গোলবন্যা চালায় চেলসি।

সুপার সানডেতে লা লিগায় কিলিয়ান এমবাপের অভাব পূরণ করেন ব্রাজিলিয়ান বিস্ময় বালক এন্ড্রিক। এমবাপে আরেকবার গোলশূন্য থাকলেও রিয়াল ম্যাচটি জেতে ৩-০ ব্যবধানে। চলতি লিগে এটা তাদের প্রথম জয়। রাতের আরেক স্নায়ুচাপী খেলায় জিতেছে বায়ার্ন। উলফসবার্গের বিপক্ষে ৩-২ ব্যবধানে জেতার আগে হুট করেই ছন্দপতন হয়েছিল। একটা সময় পর চোখ রাঙাচ্ছিল হারের। তবে পরে ঠিকই ঘুরে দাঁড়ায় বায়ার্ন মিউনিখ। দুই অর্ধে পাওয়া দুই গোলে লিভারপুল অবশ্য সহজ জয় পায়। ব্রেনফোর্ডের জালে ১৩ মিনিটে লুইস দিয়াসের পর ৭০ মিনিটে বল জড়ান মোহাম্মদ সালাহ। সিরিএতে ইন্টারকেও খুব একটা বেগ পোহাতে হয়নি। লিচের বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছে সিরি’এর টেবিল টপার।

টমাস টুখেলের কোচিংয়ে গত মৌসুম ট্রফিশূন্য কাটানোর পর তার জায়গায় ভিনসেন্ট কোম্পানি এসেছে বাভারিয়ানদের দায়িত্বে। নিজের প্রথম ম্যাচেই চমকে গেছেন তিনি। ম্যাচ শেষে শিষ্যদের হার না মানা মানসিকতার প্রশংসা করেন ভিনসেন্ট, ‘ম্যাচটি উপভোগ করেছি। কোচ হিসেবে বুন্দেসলিগা এটা আমার প্রথম ম্যাচ ছিল। প্রথমার্ধে দাপুটে ফুটবল খেলি, ঠিক যেমনটা উচিত ছিল। তখন কোনো সুযোগ হাতছাড়া করিনি। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুটা ভালো হয়নি, আমরা দ্রুত দুটি গোল হজম করি। শেষ দিকে আমাদের মানসিকতা ঠিক থাকায় আমরা জিততে পেরেছি।’

লা লিগায় রিয়ালের আনন্দের রাত হলেও হতাশার কেটেছে এমবাপের। দুটি ম্যাচ খেলে ফেলেও এখনও গোলশূন্য ফ্রান্সের মহাতারকা। তবে রিয়ালের বস কার্লো আনচেলত্তি ওসব নিয়ে ভাবছেন না, তার চোখ স্রেফ জয়ে, ‘(এমবাপে) সে দুর্দান্ত একজন ফরোয়ার্ড। মাঠে খুবই গতিময়। বল ছাড়াও দারুণভাবে মাঠে থাকে। পেছন থেকে আক্রমণে উঠে আসে। আজ (গতকাল) তিন-চারটি সুযোগ ছিল তার। এসব ক্ষেত্রে সাধারণত সে সবসময়ই গোল করে থাকে। এদিন হয়নি, কিন্তু ভবিষ্যতে অবশ্যই করবে। সে অবশ্যই গোল করবে।’ কার্লো আনচেলত্তি এদিন প্রশংসায় ভাসিয়েছেন এমবাপের বদলি নেমে গোল করা এন্ড্রিকেরও। ১৮ বর্ষী ব্রাজিলিয়ান বিষ্ময়বালকের সম্ভাবনাও অনেকখানি দেখছেন ইতালিয়ান বস, ‘তাকে খুবই ভালো মনে হচ্ছে। তার সম্ভাবনা তো অফুরান। এই গোলটিতেই সে নিজের মান সবটুকু তুলে ধরেছে। তার নিয়ন্ত্রণ দারুণ। খুব ভালো শট নিতে পারে। পেনাল্টি-বক্স ফরোয়ার্ড সে। ছোট জায়গাতে সে খুব, খুবই বিপজ্জনক।’ 

নিজে গোল না পেলেও রিয়ালের জয়ে খুশি এমবাপে, ‘এটা (দলের জয়) খুশিই এনে দিয়েছে। বার্নাব্যুতে প্রথম ম্যাচটি জিতে শুরু করেছি এবং তিনটি পয়েন্ট পেয়েছি। দারুণ একটি রাত ছিল। সমর্থকেরা ছিলেন দুর্দান্ত। ঘরের মাঠে প্রথম ম্যাচটি জিততে মরিয়া ছিলাম।’

কদিন হলো শুরু হওয়া ইউরোপিয়ান লিগে শীর্ষ দখলের ইদুর দৌঁড় এখনও শুরু হয়নি। তবুও নতুন মৌসুমে সব লিগের প্রায় সব সেরা দল পেয়েছে দাপুটে শুরু। লম্বা লিগে বাকি সময় ধরে রাখাটাই যা চ্যালেঞ্জ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা