× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাওয়ালপিন্ডি টেস্ট

বাংলাদেশের বিপক্ষে হেরে ‘বড় শিক্ষা’ পেয়েছেন মাসুদ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৪ ২১:৪২ পিএম

বাংলাদেশের বিপক্ষে হেরে ‘বড় শিক্ষা’ পেয়েছেন মাসুদ

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে ১০ উইকেটে হেরেছে পাকিস্তান। টেস্টে ১৪ বারের মুখোমুখি দেখায় পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের এটিই প্রথম জয়। আর ঘরের মাঠে পাকিস্তান এ নিয়ে ২৭টি টেস্টে হারলেও ১০ উইকেটে হার এই প্রথম। দলের এমন বিবর্ণ পারফরম্যান্সকে ‘বড় শিক্ষা’ বলছেন পাকিস্তানের অধিনায়ক শান মাসুদ।

রবিবার (২৫ আগস্ট) রাওয়ালপিন্ডি টেস্টে হারের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মাসুদ বলেছেন, ‘আমরা যেমন ধারণা করেছিলাম, এই পিচ তেমন আচরণ করেনি। ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডির আবহাওয়াও সুবিধাজনক ছিল না। এখানে টেস্টের প্রথম দিনের খেলা শুরুর আগে ৮-৯ দিন বৃষ্টি হয়েছে। তবে (হার নিয়ে) আমি কোনো অজুহাত দাঁড় করাতে চাই না।’

রাওয়ালপিন্ডির পিচে ঘাস থাকায় স্বীকৃত কোনো স্পিনার না রেখে চার পেসার নিয়ে একাদশ সাজায় পাকিস্তান। কিন্তু সে সিদ্ধান্ত যে ভুল ছিল, তা স্বীকার করেছেন পাকিস্তান অধিনায়ক, ‘প্রথমবার উইকেট দেখার পর আমরা আরেকটু বেশি আশা করেছিলাম। একাদশে তিন পেসার থাকলে তাদের সামর্থ্যের শেষ সীমায় পৌঁছে যেতে হতো। একজন স্পিনার খেলালে তাকে হয়তো দিনে ২৫-৩০ ওভার করতে হতো। কিন্তু আমরা সেটা এড়িয়ে যেতে চেয়েছিলাম। আমরা ভেবেছিলাম, এ ধরনের আবহাওয়ায় ম্যাচ পঞ্চম দিনে যাবে না। দিন শেষে আমরা ভুল প্রমাণিত হয়েছি।’

যথেষ্ট রান হয়েছে ভেবে ৬ উইকেটে ৪৪৮ তুলে প্রথম ইনিংস ছেড়ে দেন মাসুদ। তবে রানের পাহাড় গড়েও ১১৭ রানের লিড নেয় সফরকারীরা। ইনিংসের সমাপ্তি ঘোষণা নিয়ে মাসুদ বলেছেন, ‘আমরা ম্যাচটাকে এগিয়ে নিয়ে যেতে চেয়েছিলাম। (ব্যাটিংয়ের পর) বোলিং ও ফিল্ডিংয়েও ভালো করে তাদের (বাংলাদেশকে) অল্পতেই বেঁধে ফেলতে চেয়েছিলাম। কিন্তু আমাদের ধারণা ভুল ছিল। চাপের মুখে এ রকম অনেক কিছু ঘটতে পারে।’

পরের টেস্টে স্পিনার খেলাবেন কি নাÑ এমন প্রশ্নে মাসুদের জবাব, ‘দলে স্পিনারদের জন্য সব সময় জায়গা থাকে। আমরা সিডনিতে (এ বছরের শুরুতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিডনি টেস্টে) সাজিদ খানকে খেলিয়েছি। এ ম্যাচে চার পেসার নিয়ে খেলানোর পরিকল্পনা কাজে দেয়নি। এখন একই মাঠে বিভিন্ন ধরনের উইকেট বানানো হচ্ছে। কন্ডিশনকে সম্মান জানাতে হবে। একই ভুল আর করা যাবে না। নিজেদের কন্ডিশনে আমরা কী আশা করতে পারিÑ তা আমাদের জন্য বড় শিক্ষা।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা