প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৪ ২৩:১৫ পিএম
আপডেট : ২৩ আগস্ট ২০২৪ ২৩:২০ পিএম
আবাহনী লিমিটেড
সর্বশেষ মৌসুমে আবাহনী লিমিটেডের জার্সিতে খেলেছেন জামাল ভূঁইয়া। কথা ছিল এবারও খেলবেন ক্লাবটিতে, কিন্তু দলবদলের শেষ দিনে দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়নি। ২০২৪-২৫ মৌসুমের দলবদল শেষে বাংলাদেশ জাতীয় দলের অধিনায়কের জায়গা হয়নি ধানমন্ডির ঐতিহ্যবাহী ক্লাবটিতে। এমনকি কোনো ক্লাবেই যোগ দিতে পারেননি জাতীয় দলের এই অধিনায়ক। এদিকে শেষ মুহূর্তে প্রিমিয়ার লিগে ফুটবলারদের নাম নিবন্ধন করিয়েছে চট্টগ্রাম আবাহনী।
প্রথমে দলবদলের শেষ দিন ছিল ১৯ আগস্ট। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) অনুরোধে তিন দিন বাড়িয়ে সেটাকে ২২ আগস্ট করে ফিফা। রাজনৈতিক অস্থিরতার মধ্যে শেষ পর্যন্ত কতটি ক্লাব প্রিমিয়ার লিগে থাকবে তা নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা। বিশেষ করে নতুন মৌসুমে খেলবে না বলে আগেই বাফুফেকে জানিয়ে দেয় শেখ রাসেল ক্রীড়া চক্র ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব।
চট্টগ্রাম আবাহনীও দল গড়বে না- এমনটাই জানানো হয়। বৃহস্পতিবার দলবদলের শেষ সময় ছিল রাত ১১.৫৯ মিনিট। রাত ১০টার সময়ও নতুন মৌসুমে না খেলার পক্ষে ছিল ক্লাবটি। একেবারে অন্তিম মুহূর্তে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয় বন্দরনগরীর ক্লাবটি। দলবদল কার্যক্রম শেষ হওয়ার ঠিক আধঘণ্টা আগে আসন্ন লিগের জন্য বাফুফের কাছে খেলোয়াড়দের নাম জমা দিতে সমর্থ হয় চট্টগ্রাম আবাহনী। আর এই অসাধ্য সাধন করেছেন জাতীয় দলের সাবেক ফুটবলার জাহিদ হাসান এমিলি।
৫ আগস্ট পটপরিবর্তনের পর এর ঢেউ এসে পড়ে ক্রীড়াঙ্গনে। বিশেষ করে ফুটবলে। এবারের লিগে না খেলার সিদ্ধান্ত নেয় সব সময়ই বড় বাজেটের দল তৈরি করা শেখ জামাল ও শেখ রাসেল। আর এতে করে দল পাওয়া নিয়ে অনিশ্চয়তার মধ্যে পড়েন অনেক ফুটবলার। সেই দুঃস্বপ্ন কাটিয়ে অনেক খেলোয়াড় ঠিকানা খুঁজে নিতে পারলেও, ব্যর্থ হন জামাল।
এর আগে গত বছর আর্জেন্টাইন ক্লাব সোল দে মাইয়ো থেকে সরাসরি আবাহনীতে যোগ দিয়েছিলেন জামাল। এবারও আকাশি-নীল জার্সিধারীদের সঙ্গেই ৩৪ বছর বয়সি তারকার থাকার কথা ছিল। ক্ষমতার পালাবদলের পর থেকে পরিস্থিতি বদলাতে থাকে। সেই উত্তাপ গিয়ে পড়ে আবাহনী ক্লাবেও। ভাঙচুরের শিকার হয় ক্লাবটি। দুষ্কৃতকারীরা চুরি করে নিয়ে যায় দলটির ৫২ বছরের নানা সময়ে জেতা ট্রফিগুলো। নতুন মৌসুমে তাদের দলবদলের বিষয়টিও এক পর্যায়ে অনিশ্চিত হয়ে পড়ে।
প্রতিকূলতার মধ্যেও অবশ্য নতুন মৌসুম সামনে রেখে দল গড়ে নিয়েছে আবাহনী। নতুন, পুরোনো মিলিয়ে ৩২ খেলোয়াড়কে নিবন্ধন করিয়েছে দেশের ফুটবলের ঐতিহ্যবাহী দলটি। বিদেশি ফুটবলার ছাড়াই এবার দল গড়েছে তারা। চলমান পরিস্থিতিতে ‘আর্থিক সংকট’-এর কারণে জামালের সঙ্গে চুক্তি সম্ভব হয়নি বলে একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন আবাহনীর টিম ম্যানেজার কাজী নজরুল ইসলাম।