সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৪ ২১:৩৩ পিএম
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছিল বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে জেতার পর নেপালের কাছে হেরে বাংলাদেশের যুবারা হয়েছিল গ্রুপ রানার্সআপ। এতে ফাইনালে ওঠার লড়াইয়ে প্রতিপক্ষ হিসেবে ভারতকে পেয়েছে লাল-সবুজের জার্সিধারীরা।
শুক্রবার (২৩ আগস্ট) কাঠমান্ডুতে 'বি' গ্রুপের শেষ ম্যাচে মালদ্বীপের বিপক্ষে ড্র করলেই শীর্ষে থেকে সেমিফাইনাল নিশ্চিত হতো ভারতের। তবে ভারত ম্যাচ জিতেই গ্রুপসেরা হয়ে নাম লিখিয়েছে সেমিফাইনালে। ইনজুরি সময়ের পঞ্চম মিনিটে গোল করে ভারত নাটকীয় জয় তুলে নেয়। ভারতের গ্রুপ থেকে রানার্সআপ হয়ে সেমিফাইনালে উঠেছে ভুটান।
আগামী ২৬ আগস্ট সেমিফাইনালে বাংলাদেশ মুখোমুখি হবে ভারতের। একদিন আগে আরেক সেমিফাইনালে নেপাল লড়বে ভুটানের বিপক্ষে। ফাইনাল দিয়ে টুর্নামেন্ট শেষ হবে ২৮ আগস্ট। বয়সভিত্তিক সাফে বাংলাদেশের বেশ সাফল্য থাকলেও অনূর্ধ্ব-২০ দল কখনো চ্যাম্পিয়ন হতে পারেনি। এবার সেই আক্ষেপ মেটাতে চান মারুফুল হকের শিষ্যরা।
সেমিফাইনালকে সামনে রেখে কাল থেকে বাংলাদেশ দলের মাঠের অনুশীলন শুরু হবে। তার আগে দলের স্কোরার মিরাজুল ইসলাম আত্ববিশ্বাসী সুরে বলেছেন, ‘ফাইনালে গেলে হয়তো ভারতকে পেতাম। এখন আগেই সেমিফাইনালে পাবো। দল যেই আসুক না কেন আমাদের ফাইনালে খেলতে হবে। সবাই ভালো আছে। তৈরি হচ্ছে ম্যাচের জন্য।’
নেপালের বিপক্ষে ম্যাচে বাংলাদেশ হেরেছে গোলকিপার মেহেদী হাসান শ্রাবণের ভুলে। অবশ্য সেটা ভুলে যাওয়ার কথা বলছেন মিরাজুল, ‘এটা ফুটবলের অংশ। শ্রাবণের সঙ্গে আমরা কথা বলছি। এটা আসলে বিষয় না। এমনটি হতে পারে। তবে এখন সবাইকে সামনের দিকে এগিয়ে যেতে হবে।’