প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২২ আগস্ট ২০২৪ ২১:০৬ পিএম
আগামী সেপ্টেম্বরে ভারতের নয়ডায় নিউজিল্যান্ডের
বিপক্ষে একটি টেস্ট ম্যাচ খেলবে আফগানিস্তান। এরপর সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে দক্ষিণ
আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে আফগানরা। আসন্ন এই দুই সিরিজে আফগানিস্তানের
সহকারী কোচ হিসেবে কাজ করবেন ভারতীয় কোচ রমাকৃষ্ণান শ্রীধর।
আসন্ন দুই সিরিজে রশিদ খানদের সহকারী
কোচ হিসেবে কাজ করবেন শ্রীধর। ভারতীয় এই কোচ আফগানদের প্রধান কোচ জোনাথন ট্রটের সঙ্গে
পরিকল্পনা সাজাবেন। আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) এক বিবৃতিতে জানিয়েছে, শ্রীধরকে
ভবিষ্যতে দীর্ঘমেয়াদের চুক্তিতে কাজ করার কথা ভেবেই নিয়োগ দেওয়া হয়েছে।
খেলোয়াড়ি জীবনে শ্রীধর ছিলেন একজন বাঁহাতি
স্পিনার। ভারতের ঘরোয়া ক্রিকেটে খেলেছেন হায়দরাবাদের হয়ে। ১৯৯০ এর দশকে খেলা শুরু করা
শ্রীধর ২০০১ সালে ক্রিকেট খেলা ছেড়ে শুরু করেন কোচিং ক্যারিয়ার। ব্যাঙ্গালুরুতে ভারতের
ন্যাশনাল ক্রিকেট একাডেমিতেও (এনসিএ) কাজ করেছেন শ্রীধরন। ৫৪ বছর বয়সি শ্রীধর একজন
লেভেল-৩ সার্টিফাইড কোচ।
২০১৪ সালে ভারতের অনূর্ধ্ব-১৯ দলের সাথেও কাজ করেছেন শ্রীধর। এছাড়া আইপিএলের দল কিংস ইলেভেন পাঞ্জাবের (বর্তমানে পাঞ্জাব কিংস) সাথেও কাজ করার অভিজ্ঞতা আছে শ্রীধরের। দীর্ঘদিন তিনি ভারতের ফিল্ডিং কোচ হিসেবে কাজ করেছেন। ২০১৪-২১ সাল পর্যন্ত তৎকালীন প্রধান কোচ রবি শাস্ত্রীর কোচিং স্টাফের সদস্য ছিলেন।