প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২১ আগস্ট ২০২৪ ১৭:৪০ পিএম
আপডেট : ২১ আগস্ট ২০২৪ ১৭:৫৫ পিএম
সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে ছিলেন না। অস্ট্রেলিয়ার স্বল্প ওভারের ফরম্যাটে অনেকটা ব্রাত্য হয়ে পড়েছেন স্টিভেন স্মিথ। চাউর হয়েছে, শিগগিরই কুড়ি কুড়ির ফরম্যাটকে বিদায় জানাবেন। তবে সব গুঞ্জন উড়িয়ে অজি অলরাউন্ডার জানিয়েছেন, তিনি ২০২৮ অলিম্পিক পর্যন্ত খেলতে চান।
গতকাল মঙ্গলবার স্মিথের সঙ্গে তিন বছরের চুক্তি নবায়ন করেছে বিগ ব্যাশ লিগের দল সিডনি সিক্সার্স। অর্থাৎ আরও তিন বছর ফ্র্যাঞ্চাইজি লিগে খেলবেন তিনি। লিগে ভালো পারফর্মের সুবাদে জাতীয় দলে সুযোগের সম্ভবনা তৈরি হতে পারে। সে হিসেবে ২০২৮ অলিম্পিকে খেলার সুযোগ হতে পারে স্মিথের।
সিডনি সিক্সার্সের সঙ্গে নতুন চুক্তির পর স্মিথ বলেছেন, ‘আমি আরও ৪ বছর টি–টোয়েন্টি ক্রিকেট খেলতে পারি। এটা এমন একটি সংস্করণ, যেখানে আমি অন্যদের চেয়েও বেশি সময় খেলতে পারব বলে মনে করি। আমি এখানে (বিগ ব্যাশে) ৩ বছরের জন্য চুক্তি করেছি। এরপর মাত্র একটি বছর। অলিম্পিকের অংশ হতে পারলে দারুণ হবে।’
অলিম্পিকে ক্রিকেট হয়েছিল একবারই। ১৯০০ সালের সে আসরে অংশ নিয়েছিল দুটি দেশ। সেবার ফ্রান্সকে হারিয়ে সোনা জিতেছিল গ্রেট ব্রিটেন। ১২৮ বছর পর লস অ্যাঞ্জেলেস অলিম্পিক দিয়ে ফিরছে ক্রিকেট। গ্রেটেস্ট শো অন আর্থের ৩৪তম অলিম্পিক আসরে নজর স্মিথের। যে কারণে অবসর শঙ্কা উড়িয়ে দিয়েছেন তিনি। বলেছেন, ‘অবসরের কোনো পরিকল্পনা নেই। এই মুহূর্তে খেলা উপভোগ করছি, বেশ স্বস্তিতে আছি এবং এবারের মৌসুমের দিকে তাকিয়ে আছি।’
এ সময় নিজের ব্যাটিং পজিশন নিয়েও কথা বলেন স্মিথ, ‘আমি যেকোনো পজিশনে ব্যাট করতে পারলেই খুশি। চার নম্বরে ব্যাট করলে এমনও হতে পারে যে প্রথম দুই বল পরেই আমাকে নামতে হচ্ছে। অনেকবারই আমাকে দ্রুত নামতে হয়েছে, নতুন বলের মুখোমুখি হতে হয়েছে।’