প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২০ আগস্ট ২০২৪ ২২:৪১ পিএম
জেমি ভার্ডি (বাঁয়ে) ও ডমিনিক সোলাঙ্কি
ডমিনিক সোলাঙ্কিকে নিয়ে সবার আগ্রহের শেষ ছিল না। সব ফোকাস যেন ছিল টটেনহ্যাম হটস্পারের এই স্ট্রাইকারের দিকে। কারণটা কারোরই অজানা নয়। প্রায় ১ হাজার কোটি টাকার বিনিময়ে তরুণ এ ফরওয়ার্ডকে দলে টেনেছে ক্লাবটি। কিন্তু সোমবার রাতে লেস্টারের কিং পাওয়ার স্টেডিয়ামে সবার নজর কাড়লেন শেষ পর্যন্ত ‘বুড়ো’ এক স্ট্রাইকার। তিনি আর কেউ নন ৩৭ বছরের জেমি ভার্ডি।
সোলাঙ্কি এ মৌসুমেই বোর্নমাউথের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে পাড়ি জমিয়েছেন টটেনহামে। এ ইংলিশ স্ট্রাইকার টটেনহাম কিংবদন্তি হ্যারি কেইনের যোগ্য উত্তরসূরি হবেন, এমনটাই স্বপ্ন দেখছেন স্পার শিবিরের অনুরাগীরা। কিন্তু প্রথম ম্যাচে ২৬ বছর সোলাঙ্কিকে নিজের ছায়াতলেই রাখলেন লেস্টারের কিংবদন্তি ভার্ডি।
এ মৌসুমে চ্যাম্পিয়নশিপ লিগ থেকে ইংলিশ প্রিমিয়ার লিগে ফিরেছে লেস্টার সিটি। যদিও নিজেদের প্রত্যাবর্তনের প্রথম ম্যাচটি জয়ে রাঙাতে পারেনি তারা। তবে জয় না পেলেও ভার্ডির গোলেই হার এড়িয়েছে ক্লাবটি। জায়ান্ট টটেনহামকে ১-১ গোলে রুখে দিয়েছে লেস্টার। অথচ ইংলিশ প্রিমিয়ার লিগে যার শেষ এক রকম দেখে ফেলেছিলেন সবাই। সেই বর্ষীয়ান স্ট্রাইকার আলো ছড়িয়ে প্রমাণ করলেন, ক্লাব ফুটবলে তার দেওয়ার বাকি রয়েছে অনেক কিছুই।
লড়াই ছিল নিজেদের মাঠে। তারপরও ম্যাচের প্রথমার্ধে নিজেদের যেন মেলে ধরতে পারছিল ভার্ডির লেস্টার। গত মৌসুমটা ঘরোয়া ইংলিশ ফুটবলের দ্বিতীয় স্তরে খেলে আসা দলটি খেই হারিয়ে ফেলেছিল। তবু টটেনহ্যামের লিড পেতে বেশ ঘাম ঝরাতেই হয়েছে। পেদ্রো পোরোর গোলে লড়াইয়ের ২৯তম মিনিটে এগিয়ে যায় কোচ অ্যাঙ্গে পোস্তেকোগলুর শিষ্যরা।
পুরো ম্যাচে আধিপত্য বিস্তার করে খেলেছে টটেনহ্যাম। তাদের রক্ষণদুর্গের চিড় খুঁজে নিয়ে ৫৭ মিনিটে সমতাসূচক গোল উপহার দিয়ে লেস্টারে স্বস্তির পরশ বইয়ে দেন ভার্ডি। ম্যাচে এটাই ছিল লেস্টারের প্রথম গোল ছিনিয়ে নেওয়ার চেষ্টা। প্রথম প্রচেষ্টাতেই কাজের কাজ কেরে ফেলেন। বলে মাথা ছুঁয়ে প্রতিপক্ষের জালে কাঁপিয়ে দেন ২০১৬ সালের লেস্টারের প্রিমিয়ার লিগ জয়ের রূপকথার গল্পের মহানায়ক ভার্ডি।
বয়সটা ৩০-এর ঘরে পা রাখার পর প্রিমিয়ার লিগে এ নিয়ে ভার্ডি গোল পেলেন ১০৪টি। সব গোল এসেছে তার লেস্টারের জার্সি গায়ে। ম্যাচের পর সেই ভার্ডি লেস্টারের ইতিহাসের সেরা খেলোয়াড়ের তকমা পেয়ে গেছেন লিভারপুলের সাবেক তারকা জেমি ক্যারাঘারের কাছ থেকে। ফুটবল বিশ্লেষক ক্যারাঘার স্কাই স্পোর্টসে ভার্ডির স্তুতি গেয়ে জানান, ‘আমার মনে হয় ভার্ডিই লেস্টারের ইতিহাসের সেরা খেলোয়াড়। সে স্পেশাল ফুটবলার।’