রাওয়ালপিন্ডি টেস্ট
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৪ ২১:৩৩ পিএম
দুই ম্যাচের টেস্ট সিরিজ সামনে রেখে ইসলামাবাদের দামান-ই-কোহ ট্রফি হাতে ফটোশেসান দুই দলের অধিনায়কের— ছবি: সংগৃহীত
১৩ ম্যাচ, ১২ হার, এক ড্র— পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টেস্ট খেরোখাতা এমনই নাজুক। এখন অবধি ছয়টি সিরিজের সবকটিতে হোয়াইটওয়াশ হয়েছে টাইগাররা। সবেধন নীলমনি ২০১৫ সালে পাওয়া এক ড্র। সর্বশেষ টেস্টেও ইনিংস ব্যবধানে হেরেছিলো বাংলাদেশ। এবার সেই বৃত্ত ভাঙতে মরিয়া নাজমুল হোসেন শান্তর দল। অতীতের তেতো রেকর্ড নিয়েও খুব বেশি চিন্তিত নন বাংলাদেশের অধিনায়ক, পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে তার লক্ষ্য ‘বিশেষ কিছু’।
সেই ‘বিশেষ’ কিছু পাওয়ার ইচ্ছে নিয়ে আগামীকাল বুধবার রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে নামবে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টের প্রথমটি শুরু হবে সকাল ১১টায়। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত সিরিজটি সরাসরি দেখাবে টি স্পোর্টস ও জিটিভি। পেস রাজত্বের টেস্টে দেখা যেতে পারে রানের ফোয়ারাও। চ্যাম্পিয়নশিপের ফাইনালে চোখ রাখা পাকিস্তান পাখির চোখ করেছে ম্যাচটি, রেসে টিকে থাকতে বাংলাদেশের জন্য সিরিজটি মহাগুরুত্বপূর্ণ।
পাকিস্তানের বিপক্ষে সিরিজটি দিয়ে লাল বলের ক্রিকেটে ব্যস্ত মৌসুম শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। আগামী চার মাসে ৮টি টেস্ট খেলবে টাইগাররা। পাকিস্তান থেকে ফেরার পর এ বছরই ভারত যাবে শান্তরা। এরপর দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবে আরও চার টেস্ট। লাল বলের ক্রিকেটের লম্বা রেসে ঢোকার আগে শুরুটা ভালো করতে চান টাইগার অধিনায়ক।
আজ রাওয়ালপিন্ডিতে ম্যাচপূর্ববর্তী সংবাদ সম্মেলনে সেই প্রত্যয় শুনিয়েছিলেন শান্ত, ‘গত কয়েক দিন আমাদের জন্য কঠিন ছিল। সবাই পরিশ্রম করেছে। আমরা ক্রিকেট খেলতে চাই এবং আমাদের সামনে এগিয়ে যেতে হবে। আশা করি ভালো পারফরমেন্স করবো এবং ভালোভাবে দীর্ঘ টেস্ট মৌসুমটা শুরু করতে পারবো। এটাই আমাদের প্রধান লক্ষ্য।’
রাওয়ালপিন্ডির উইকেট সাধারণত ব্যাটিং সহায়ক হয়। কিন্তু পাকিস্তানের গণমাধ্যমের খবরে বলা হয়েছ, উইকেটে কিছুটা ঘাস থাকবে। সুবিধা পাবে পেসাররা। দুদিন আগেই একাদশ ঘোষণা করা পাকিস্তানও দলে রেখেছে পেসার আধিক্য। চার পেসার নিয়ে আজ নামবে শান মাসুদের দল। ২৮ বছরের মধ্যে এই প্রথম স্পিনার ছাড়াই ঘরের মাঠে টেস্ট খেলবে পাকিস্তান। ধারনা করা হচ্ছে উইকেট পেস সহায়ক হতে পারে। বাংলাদেশ এখনও একাদশ না দিলেও উইকেটের বিষয়টি মাথায় রেখে পেস নির্ভর বোলিং ইউনিট নামাতে পারে টাইগার টিম ম্যানেজমেন্ট।
টাইগার ব্রিগেড শান্তও তেমন আভাস রেখেছেন গতকাল, ‘আমরা ভালো পেস বোলিং বিভাগ তৈরি করেছি। পেস সহায়ক উইকেটে পেসারদের নিয়ে আশাবাদী। যেকোন পরিস্থিতি সামলাতে পারে স্পিনাররাও। আমরা সব কিছুর জন্য প্রস্তুত।’ পাকিস্তানে তো বটে, সাদা পোশাকে এখন অবদি একটি টেস্ট ম্যাচও জিততে পারেনি বাংলাদেশ। সেই হারের বৃত্ত ভাঙায় চোখ রাখা শান্ত রাওয়ালপিন্ডিতে চান বিশেষ কিছু, ‘আমরা বিশ্বাস করি এবার বিশেষ কিছু করতে পারবো।’
পাকিস্তানও আজ করবে নতুন শুরু। বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে পথচলা শুরু করবেন অস্ট্রেলিয়ার সাবেক পেসার জেসন গিলেস্পি। অধিনায়ক হিসেবে দেশের মাটিতে প্রথমবারের মত নেতৃত্ব দিবেন শান মাসুদ। বড় ফরম্যাটের নিজের শুরুর আগে রোমাঞ্চিত পাকিস্তান অধিনায়ক, ‘ভক্তরা সবসময় চায় ভালো পারফরমেন্স করবে ক্রিকেট দল। তাদের জন্য ম্যাচ জিতবে। আমরা সবাই সিরিজ এবং আসন্ন মৌসুমের জন্য রোমাঞ্চিত। আমাদের প্রতিভাবান ক্রিকেটার আছে, যারা সিরিজে ভালো পারফর্ম করতে মুখিয়ে আছে। আমাদের বোলাররা ২০ উইকেট নিতে এবং দলকে ম্যাচ জয়ের স্বাদ দিতে সক্ষম। বাংলাদেশের বিপক্ষে সিরিজটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আসন্ন ব্যস্ত মৌসুমের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি এবং আমরা ভালো পারফর্ম করতে দৃঢ়প্রতিজ্ঞ।’
পাকিস্তানের নতুন শুরুর দিনে সংস্কারের মাঝে আছে বাংলাদেশও। চোটে পড়া মুশফিকুর রহিমকে নিয়েই দল সাজাতে পারে টাইগাররা। তিনজন পেসার রাখার পাশাপাশি দলে স্পিনার থাকতে পারে তিনজন। সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ বাদেও থাকতে পারেন তাইজুল ইসলাম। ব্যাটিংয়েও ভারসাম্য রাখার কথাটি মাথায় রাখতে পারে টিম ম্যানেজমেন্ট। পাকিস্তানের আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, ম্যাচের পুরো পাঁচদিনই রাওয়ালপিন্ডিতে রয়েছে বৃষ্টির শঙ্কা। লাল বলের নতুন শুরুর লড়াইয়ে পেস-রানের পর দেখা যেতে পারে বৃষ্টিরও দাপট।