প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২০ আগস্ট ২০২৪ ১৭:১৩ পিএম
আপডেট : ২০ আগস্ট ২০২৪ ১৭:২৮ পিএম
নতুন বাংলাদেশ। সব কিছুতেই নতুনত্ব। রাজনীতিতে পট পরিবর্তনের প্রভাব ক্রীড়াঙ্গনেও। অন্তবর্তীকালীন সরকারের অধীনে চলছে দেশ। আত্মগোপনে বিসিবির প্রেসিডেন্টসহ বেশিরভাগ পরিচালক। এরই মধ্যে পাকিস্তান সফরে বাংলাদেশ ক্রিকেট দল। রাওয়ালপিন্ডিতে আগামীকাল শুরু হচ্ছে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। তার আগে আজ মঙ্গলবার সংবাদ সম্মেলনে উপস্থিতিতে হয়ে দেশের সার্বিক অবস্থা ও দল নিয়ে কথা বলেছেন অধিনায়ক নাজমুল হোসেন। এ সময় কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। গতকাল সোমবার যেমনটা হয়েছিলেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি ইস্যুতে জিজ্ঞেস করা হলে শান্ত বলেন, ‘গত কয়েক দিন সবারই কঠিন সময় গেছে। খুবই দুঃখজনক। সবাই অনেক লড়াই করেছে। যেটা কেউ আশা করি না। তবে যেটা আসলে হয়ে গেছে, সেটা নিয়ে পড়ে থাকার কোনো অবস্থান নেই। সামনের দিকে এগিয়ে যেতে হবে। কিন্তু যে পরিস্থিতি ছিল, সব মিলিয়ে প্রতিটা পরিবারের জন্যই কঠিন ছিল। প্রত্যেক মানুষের জন্যই দুঃসহ ছিল।’ তবে নতুন বাংলাদেশে তার প্রত্যাশা সবকিছুই সুষ্ঠুভাবে পরিচালিত হবে। বলেন, ‘আশা করছি, সামনে দিনগুলো ভালোভাবে কাটাতে পারব। খেলোয়াড় হিসেবে আমাদের চাওয়া, আমাদের ম্যাচগুলো ঠিকভাবে হোক। আমরা যেন সুস্থভাবে খেলাগুলো খেলতে পারি। এটাই আশা করছি।’
রাজনৈতিক বাঁক বদলে দেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের পারফরম্যান্সে কোনো প্রভাব ফেলবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্ন ছিল শান্ত কাছে। জবাবে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘না, আমার তেমন মনে হয় না। কারণ, তিনি পেশাদার ক্রিকেটার এবং সত্যি বলতে আমরা সবাই তাকে ক্রিকেটার হিসেবেই বিবেচনা করি।’
আওয়ামী লীগ সরকারের পতনের আগে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় থেকেই আলোচনায় সরকারদলীয় সাবেক সংসদ সদস্য সাকিব। কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টি লিগ খেলার সময় সমর্থকদের সঙ্গে বাদানুবাদেও জড়িয়ে পড়েন তিনি। পাকিস্তান সিরিজে তিনি খেলবেন কি না, এমন আলোচনাও ওঠে। সব ধামাচাপা দিয়ে কানাডা থেকে সরাসরি পাকিস্তানে যান সাকিব। তাই সাবেক অধিনায়কের কাছে শান্তর প্রত্যাশা একটু বেশিই। তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে খেলে আসছেন তিনি। নিজের দায়িত্বটা জানেন, কীভাবে নিজেকে প্রস্তুত করতে হয় (সেটিও জানেন)। তো আমি তার রাজনৈতিক ক্যারিয়ার নিয়ে চিন্তা করছি না। আশা করি, এই সিরিজে তিনি বিশেষ কিছুই করবেন।’
এর আগে ছাত্র–জনতার আন্দোলনে নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি সহমর্মিতা জানান বাংলাদেশ দলের কোচ হাথুরু। তিনি বলেছিলেন, দ্রুতই বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে ভালো কিছু করে বাংলাদেশের মানুষকে অস্থির সময়ে কিছুটা স্বস্তি উপহার দেওয়ার ব্যাপারেও আত্মবিশ্বাসী হাথুরুসিংহে, ‘আমরা জানি, মানুষকে ঐক্যবদ্ধ করার ও আশাবাদী করার ক্ষমতা আছে খেলাধুলার। এ ম্যাচটি ভালো খেলতে পারলে অবশ্যই সেটা বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের মানসিকভাবে অনেক সাহায্য করবে।’