প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৪ ১৩:৫৭ পিএম
ক্ষমতার পালাবদলে পরিবর্তনের হিড়িক পড়েছে বাংলাদেশের প্রতিটি ক্ষেত্রে। তালিকায় বাদ যায়নি দেশের ক্রীড়াঙ্গনও। সব ফেডারেশন থেকেই বিদায়ি সরকারের আস্থাভাজনদের ছাঁটাইয়ের প্রক্রিয়া চলছে। এমন অবস্থায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও (বিসিবি) বড় পরিবর্তনের আভাস মিলেছে। কথা চলছে বোর্ড সভাপতির পরিবর্তনের বিষয় নিয়েও। নাজমুল হাসান পাপনও নিজের পদ ছাড়তে রাজি বলে জানা গিয়েছে। এমন অবস্থায় আগামীকাল বুধবার জরুরী বোর্ড সভা ডেকেছে বিসিবি। এই সভায় অনলাইনে অংশ নিবেন বর্তমান সভাপতি নাজমুল হাসান পাপন।
সাধারণত বিসিবির বোর্ড মিটিং অনুষ্ঠিত হয় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। তবে আগামীকালের বোর্ড সভা অনুষ্ঠিত হবে জাতীয় ক্রীড়া পরিষদে। সকাল ১১টায় শুরু হতে যাওয়া এই সভায় উপস্থিত থাকতে বলা হয়েছে বিসিবির সকল পরিচালককে। এদিনই সিদ্ধান্ত হতে পারে বিসিবির নতুন সভাপতি কে হবে সেটা নিয়ে। আবার গতকাল পদত্যাগ করা ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুসের বদলে নতুন কেউ যুক্ত হতে পারেন বোর্ডে।
লম্বা সময় ধরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অভিভাবকের ভূমিকায় এককভাবেই ছিলেন নাজমুল হাসান পাপন। বোর্ডের গঠনতন্ত্র মেনে দুজন সহ-সভাপতি থাকার কথা থাকলেও নিজের মেয়াদে এই পদে কাউকেই নিয়োগ দেননি তিনি। রাজনৈতিক পালাবদলের পর পাপনের অনুপস্থিতিতে তাই ক্রিকেট বোর্ডের কার্যক্রমে নেমে এসেছে স্থবিরতা। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, বোর্ড সভা অনুষ্ঠিত হওয়ার জন্য কমপক্ষে ৯ পরিচালকের উপস্থিতি আবশ্যক। ক্রিকেট বোর্ডের ভবিষ্যতটা অনেকাংশে নির্ভর করবে আগামীকালের এই বৈঠকের ওপর।
এদিকে গতকাল বিসিবির কার্যালয় পরিদর্শনে গিয়েছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। পাপনের পদত্যাগের বিষয়ে আসিফ বলেছিলেন, 'বিসিবি সভাপতি ও পরিচালকদের পদত্যাগের বিষয়টি মিডিয়াতে দেখেছি। আনুষ্ঠানিকভাবে এখনও কোনো নিশ্চয়তা বা বক্তব্য পাইনি। এ বিষয়ে আমরা আলোচনা করছি- বিভিন্ন স্টেকহোল্ডার, ক্রিকেট সংগঠক, সাবেক ক্রিকেটারদের সাথে; এ বিষয়টির ভালো সমাধানে পৌঁছানোর জন্য।'