প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৪ ২০:৪০ পিএম
আপডেট : ১৯ আগস্ট ২০২৪ ২১:১২ পিএম
সুইজারল্যান্ডের জার্সিতে এক যুগের ক্যারিয়ার। ইয়ান সোমার দীর্ঘদিন
ধরেই ছিলেন দেশটির এক নম্বর গোলরক্ষক। ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানের এই তারকা সুইসদের
হয়ে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। মূলত ক্লাব ফুটবলে মনোযোগ দিতেই জাতীয় দলকে বিদায়ের সিদ্ধান্ত নিয়েছেন ৩৫ বছর বয়সি এ গোলকিপার।
সুইজারল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ফুটবলে সোমারের অভিষেক ২০১২ সালে।
দেশের হয়ে তিনটি করে বিশ্বকাপ ও ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছেন। সব মিলিয়ে ১২
বছরে জাতীয় দলের হয়ে ৯৪ ম্যাচ খেলে জাল অক্ষত রেখেছেন ৩৩টিতে। সবশেষ ইউরোতে ইংল্যান্ডের
বিপক্ষে কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে হারের ম্যাচটিই তার শেষ ম্যাচ হয়ে থাকল।
সোমবার (১৯ আগস্ট) বিদায়বেলায় সোমার বলেছেন, ‘জাতীয় দলের হয়ে আমি যে সময় কাটিয়েছি তা
সত্যিই বিশেষ কিছু। বেশ কিছু স্মরণীয় মুহূর্তের জন্য আমি নিজেকে গর্বিত মনে করি। সবাই
মিলে যেভাবে জয়ের মুহূর্ত উপভোগ করেছি, চ্যালেঞ্জ মোকাবিলা করেছি তা কখনও ফিরে আসবে
না।’
গত মৌসুমে ইন্টার মিলানে ভেড়েন সোমার। প্রথম মৌসুমেই দলকে সিরি’আ
চ্যাম্পিয়ন বানাতে বড় ভূমিকা রাখেন এই গোলরক্ষক। এর আগে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখে
ছিলেন তিনি। দলটির হয়ে একটি শিরোপা জেতেন তিনি। এ ছাড়া সুইস ক্লাব বাসেলের হয়ে চারটি
শিরোপার স্বাদ পান সোমার।